ইসিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধি চায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
নতুন নির্বাচন কমিশনে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষ থেকে যোগ্য ও সর্বজনমান্য একজন প্রতিনিধি রাখার দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও অনুসন্ধান কমিটির কাছে এ দাবি করেছে তারা। ১২ ফেব্রুয়ারি এ বিষয়ে অনুসন্ধান কমিটিকে একটি পত্রও দিয়েছে পরিষদ।
আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন এই পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাশগুপ্ত।
রানা দাশগুপ্ত বলেন, ‘বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে যে অনুসন্ধান কমিটি গঠিত হয়েছে, সেটি আগামী নির্বাচন যাতে নিরপেক্ষ ও পক্ষপাতহীন হয়, সে জন্য ১০ সদস্যবিশিষ্ট তালিকা রাষ্ট্রপতির কাছে দেবে। এ পরিপ্রেক্ষিতে অনুসন্ধান কমিটি ও রাষ্ট্রপতির কাছে আকুল আবেদন জানাই, নির্বাচন কমিশনে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষ থেকে যোগ্য ও সর্বজনমান্য একজন প্রতিনিধি যেন অন্তর্ভুক্ত হতে পারে। নির্বাচন কমিশনে যেন তাদের অংশগ্রহণ-প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়।’
রানা দাশগুপ্ত আরও বলেন, দেশে ভোটারদের মধ্যে অন্তত ১২ শতাংশ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু। আগে গঠিত নির্বাচন কমিশনগুলোয় তাদের কোনো প্রতিনিধিত্ব ছিল না।
সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক।