ইস্টার্ন ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রতিবছর কম্পিউটার সায়েন্স থেকে ১০ হাজারের বেশি গ্র্যাজুয়েট বের হয়। তাদের মধ্যে তোমরা কোথায়? তোমাদের কী হবে? এখন থেকেই সেটা নিয়ে ভাবতে হবে—ছাত্রছাত্রীদের উদ্দেশে এসব কথা বলেন বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ ও প্রথম আলোর যুব কর্মসূচির প্রধান মুনির হাসান।

ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই শিক্ষার্থীদের ভাবার পরামর্শ দিয়ে মুনির হাসান আরও বলেন, তুমি যেন হারিয়ে না যাও। সে জন্য এই বিষয়ের সবকিছু আয়ত্ত করতে হবে। যাতে যেকোনো প্রশ্নের উত্তরের বেলায় তুমি ‘এটা কোনো ব্যাপার না’ পর্যায়ে যেতে পারো।

ইস্টার্ন ইউনিভার্সিটির সিএসই ফেস্টে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ মার্চ ইস্টার্ন ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে হয় দিনব্যাপী সিএসই ফেস্ট। সেখানে প্রধান অতিথি ছিলেন মুনির হাসান। বেলা ১১টায় ক্যাম্পাসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন তিনি। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আব্বাস আলী খান। বিশেষ অতিথি ছিলেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির চেয়ারপারসন অধ্যাপক মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার আবুল বাশার খান। এ ছাড়া অনুষ্ঠানে ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক আনোয়ার জাহিদ, বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

সিএসই ফেস্ট উপলক্ষে ক্যাম্পাসে হয় একটি বিশেষ সেমিনারও। যেখানে ‘করোনা–পরবর্তী যুগে সিএসইতে ক্যারিয়ার’ শীর্ষক বক্তব্য দেন মুনির হাসান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আগামী তিন বছরে সারা পৃথিবীতে ছয় মিলিয়ন সিকিউরিটি এক্সপার্ট লাগবে। নিজেকে প্রকাশ করার বা কাজে লাগানোর এটি একটি বড় জায়গা। ২০২৫ সালের মধ্যে পৃথিবীতে কমপক্ষে এক কোটি প্রোগ্রামারের পদ খালি হবে। যেগুলো পূরণ হবে তোমাদের দিয়েই।’

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে আয়োজিত উৎসব ছিল চার ধাপে বিভক্ত। প্রথম পর্বে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, দ্বিতীয় পর্ব সাজানো হয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, টাইপিং প্রতিযোগিতা ও ইনডোর গেমস। তৃতীয় পর্বে পেশাদার অ্যাপ ডেভেলপার হওয়ার উপায় নিয়ে কর্মশালা। শেষ পর্বে ছিল পুরস্কার বিতরণ।