ইস্টার্ন প্লাজা থেকে ৪৫০ ভরি সোনার গয়না চুরি
রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজা বিপণিবিতানের একটি সোনার দোকান থেকে প্রায় ৪৫০ ভরি গয়না চুরির অভিযোগ করা হয়েছে। গত সোমবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে এ ঘটনা ঘটে। দোকানমালিক কার্তিক কর্মকার দাবি করেন, তাঁর দোকান থেকে ৪৫০ ভরি সোনার গয়না চুরি হয়েছে। এর মূল্য প্রায় পৌনে তিন কোটি টাকা। তবে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল কবির প্রথম আলোকে বলেন, সুরক্ষিত এ মার্কেটে চুরির ঘটনা খুবই রহস্যজনক। পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দোকান কর্মচারী বিমল দত্ত, রবিন সাহা ও বাপ্পি চ্যাটার্জি ইস্টার্ন প্লাজার চতুর্থ তলার শতরূপা জুয়েলার্সে যান। এ সময় দোকানের ব্যবস্থাপক বিমান দত্ত শাটারের তালা খোলেন। তাঁরা দেখতে পান স্বর্ণের খালি বাক্স মেঝেতে পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ আসে। এ ব্যাপারে কলাবাগান থানায় একটি চুরির মামলা হয়েছে। শতরূপা জুয়েলার্সের কর্মচারী বিমল দত্ত জানান, সোমবার রাত সোয়া আটটার দিকে তিনি এবং তাঁর দুই সহকর্মী রবিন সাহা ও বাপ্পি চ্যাটার্জি দোকান বন্ধ করে বাসায় যান। মঙ্গলবার মার্কেটে সাপ্তাহিক বন্ধের দিন ছিল। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দোকানে ফিরে চুরির ঘটনা মালিককে জানান। শতরূপা জুয়েলার্সের মালিক কার্তিক কর্মকার প্রথম আলোকে বলেন, তাঁর ৪৫০ ভরি সোনার গয়না চুরি হয়েছে। দোকানের সিলিংয়ের ফাঁক দিয়ে নেমে এসব চুরি করা হয়। তিনি বলেন, মার্কেটের চাবি থাকে নিরাপত্তাকর্মীদের কাছে। এটি সুরক্ষিত মার্কেট। তাঁর দাবি, দোকানে সাড়ে ৭০০ ভরি সোনার গয়না ছিল। এর মধ্যে বড় গয়নাগুলো বেছে নেওয়া হয়েছে। চুরির ঘটনার সঙ্গে নিরাপত্তাকর্মীরা জড়িত বলে তিনি সন্দেহ করেন। গতকাল দুপুরে ইস্টার্ন প্লাজায় গিয়ে দেখা যায়, দোকানের সামনে দুটি এবং ভেতর দুটি সিসি ক্যামেরা আছে। এ ক্যামেরা দুটি কাপড় দিয়ে মোড়ানো রয়েছে। দোকানের ফলস সিলিংয়ের ওপরে এক ফুট বৃত্তাকার একটি ফাঁকা স্থান রয়েছে। পাশের দি ইস্টার্ন জুয়েলার্সের মালিক বিমল চন্দ্র ঘোষ বলেন, ১ ফেব্রুয়ারি তাঁর দোকান থেকে ৬২২ ভরি গয়না চুরির ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। চুরি হওয়া সোনাও উদ্ধার হয়নি। তিনি বলেন, রাতে দোকানের ভেতর বিদ্যুৎ-সংযোগ বন্ধ থাকায় সিসি ক্যামেরা অচল থাকে। আর দোকানের সামনে রাখা একটি ক্যামেরা নষ্ট। জানতে চাইলে ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, সমিতির অনুমতি নিয়ে কেউ সিসি ক্যামেরা লাগালে এতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। তিনি বলেন, সাপ্তাহিক বন্ধের দিন বাইরে থেকে আনা কারিগরেরা শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি) মেরামত করতে এলেও তাঁদের বৃত্তান্ত সংরক্ষণ করা হয়। মার্কেটের নিরাপত্তাপ্রধান মাসুদ রানা সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে মিস্ত্রিরা চতুর্থ তলায় ফলস সিলিংয়ের ওপরে উঠে এসি মেরামত করেছেন। তাঁরা চুরির সঙ্গে জড়িত কি না, এমন প্রশ্ন উঠেছে।