ইস্টার্ন প্লাজায় স্বর্ণের দোকানে চুরির ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরপুলের ইস্টার্ন প্লাজায় স্বর্ণের দোকানে চুরির ঘটনায় এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ জানায়, গত বুধবার রাতে ইস্টার্ন প্লাজার শতরূপা জুয়েলার্সের মালিক কার্তিক কর্মকার বাদী হয়ে কলাবাগান থানায় চুরির মামলা করেছেন। এতে অজ্ঞাতপরিচয় লোকজনকে আসামি করা হয়েছে। এজাহারে চুরি হওয়া স্বর্ণের পরিমাণ ১৮৮ কেজি বলে উল্লেখ করা হয়েছে। তবে গত বুধবার দোকানের মালিক ও কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চুরি হওয়া স্বর্ণের পরিমাণ ৪৫০ ভরি বলে জানিয়েছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী প্রথম আলোকে জানান, ঘটনাটি তাদের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। দোকানের শাটারের তালা ভাঙা ছিল না। তবে দোকানের ফলস সিলিংয়ে এক ফুট বর্গাকৃতির ফাঁকা স্থান দেখা গেছে। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। তিনি আরও বলেন, ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমিতির কার্যালয় থেকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় সব দোকান ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হয়। ওই সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ জব্দ করা হয়েছে। সেটি দেখার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। গত সোমবার রাত থেকে গত বুধবার ভোরের মধ্যে ইস্টার্ন প্লাজার চতুর্থ তলায় শতরূপা জুয়েলার্সে সোনার গয়না চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার ছিল মার্কেটে সাপ্তাহিক বন্ধের দিন। বুধবার সকালে কর্মচারীরা দোকান খুলে মেঝেতে স্বর্ণের খালি বাক্স পড়ে থাকতে দেখেন।এদিকে গতকাল ‘ইস্টার্ন প্লাজা থেকে ৪৫০ ভরি সোনার গয়না চুরি’ শীর্ষক প্রকাশিত একটি সংবাদের আংশিক প্রতিবাদ জানিয়েছেন ওই মার্কেটের নিরাপত্তাপ্রধান মাসুদ রানা। তাঁর দাবি এ চুরির বিষয়ে তিনি সাংবাদিকদের কোনো বক্তব্য দেননি।