ইয়াবা তৈরির উপাদান পাচারে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে
ইয়াবা তৈরির প্রধান উপকরণ সুডোইফিড্রিনের উৎপাদন দেশে হয় না। সর্দি-কাশির ওষুধ তৈরির জন্য এটি আমদানি করা হয়। কিন্তু গত দুই বছরে এর দুটি বড় চালান পাচারের সময় ধরা পড়ে। এ ছাড়া পাচার হয়ে যাওয়া আরও ছয়টি চালান ধরা পড়ে আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের পাঁচটি দেশে।গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) প্রকাশিত ‘গ্লোবাল এটিএস অ্যাসেসমেন্ট’ প্রতিবেদনে বাংলাদেশকে সুডোইফিড্রিন সরবরাহ-কারী দেশ হিসেবে চিহ্নিত করা হয়। বিশ্বব্যাপী ইয়াবাজাতীয় বড়িগুলো এম্ফিটামিন-জাতীয় উত্তেজক (এটিএস-এম্ফিটামিন টাইপ স্টিমুলেন্ট) হিসেবে পরিচিত। এ থেকে তৈরি হয় ইয়াবার মতো বড়ি। পাচার-উদ্ধার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে হন্ডুরাসে ১২ কেজি সুডোইফিড্রিন ধরা পড়ে। ১৩০ দিলকুশার জেনারেল ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের নামে এই চালানটি পাঠানো হয়েছিল। তবে তদন্তে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।২০১০ সালে হন্ডুরাসে আবারও ৪১ হাজার ৬০০টি সুডোইফিড্রিন দিয়ে তৈরি বড়ি ধরা পড়ে। দিল্লির ড্রাগ ইনফরমেশন অ্যাসোসিয়েশন থেকে বাংলাদেশকে জানানো হয়, সিলেটের দক্ষিণ সুরমার লালবাজার সুপার মার্কেটের এলবিয়ন ল্যাব নামের একটি প্রতিষ্ঠানের নামে এই ট্যাবলেটগুলো পাঠানো হয়। ২০১০ সালে গুয়াতেমালায় ৯৮ হাজার ৪০০ সুডোইফিড্রিন বড়ি উদ্ধার করা হয়। তদন্তে এ ঘটনার সঙ্গে সাজিদ ট্রেডিং নামের একটি আমদানি-রপ্তানিতে সহায়তাকারী প্রতিষ্ঠানের (সিঅ্যান্ডএফ এজেন্ট) সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে সাজিদ ট্রেডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজস্ব বোর্ডের কাছে সুপারিশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২০১০ সালের ১৯ আগস্ট ঢাকা বিমানবন্দর থেকে ৮২ কেজি সুডোইফিড্রিনের একটি চালান আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এগুলোও মালয়েশিয়া পাঠানো হচ্ছিল। কাগজপত্রে ভুয়া প্রতিষ্ঠানের নাম-ঠিকানা ব্যবহার করে জিনেসর কার্টনে যাচ্ছিল চালানটি। দীর্ঘ তদন্তের পর এ ঘটনার সঙ্গে ভারতীয় চোরাচালানিদের সংশ্লিষ্টতা খুঁজে পায় ডিবি পুলিশ। এসব সুডোইফিড্রিন ভারত থেকে এসেছে বলে তদন্তে পায় ডিবি।পুলিশ কর্মকর্তারা বলছেন, গত শনিবার উদ্ধার হওয়া সুডোইফিড্রিনও ভারত থেকে এসেছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ইকবাল বলেন, ভারতে সুডোইফিড্রিন তৈরি হলেও সেখানে ইয়াবা বড়ি তৈরি হয় বলে তথ্য নেই। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান ভারত থেকে সুডোইফিড্রিন আমদানি করে। যেসব দেশে ইয়াবা তৈরি হয়, সেসব দেশে এই রাসায়নিকের চাহিদা রয়েছে, দামও মেলে ভালো।