রাজধানীর সায়েদাবাদ থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে। তাঁর নাম আবুল কালাম (২৬)। বাড়ি কক্সবাজারের টেকনাফে। তিনি একজন ট্রাকচালক। টেকনাফ থেকে পানের চালান নিয়ে আসার সময় ১০ মে ভোরে তিনি খুন হন। দুর্বৃত্তরা সায়েদাবাদ খানকা শরিফের কাছে তাঁর লাশ ফেলে যায়।পুলিশ সূত্র জানিয়েছে, দুর্বৃত্তদের হামলার সময় পালিয়ে রক্ষা পান ট্রাকচালকের সহকারী কালু মিয়া। তাঁর তথ্যের ভিত্তিতে ঘটনার দুই দিন পর কালামের লাশের পরিচয় মিলেছে। কালু মিয়াকে জিজ্ঞাসাবাদ এবং তদন্তে পাওয়া আরও তথ্য-উপাত্তের ভিত্তিতে পুলিশ জানতে পেরেছে, টেকনাফকেন্দ্রিক মাদক চোরাচালানচক্র কালামকে খুন করেছে। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, তদন্তে বেরিয়ে এসেছে, আবুল কালাম ট্রাকে পানের চালান নিয়ে ৮ মে টেকনাফ থেকে ঢাকার শ্যামবাজারের উদ্দেশে রওনা হন। টেকনাফের মাদক ব্যবসায়ী বাহাদুর পানের ভেতর লুকিয়ে ইয়াবার একটি চালান ঢাকায় নিয়ে যেতে প্রস্তাব দেন। চালক কালাম তাতে রাজি হননি। এ নিয়ে তাঁদের মধ্যে সেখানে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। তখন কালাম সবকিছু পুলিশের কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দেন। আর এসবের সাক্ষী চালকের সহকারী কালু মিয়া। নিহত কালামের পরিবারও পুলিশকে এ তথ্য দিয়েছেন।এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত কর্মকর্তার ধারণা, তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় মাদক পাচারকারী চক্র কালামের ট্রাকটি অনুসরণ করে ঢাকার সায়েদাবাদ পর্যন্ত আসে। আর সায়েদাবাদ এলাকার মাদক ব্যবসায়ী হাসানকে আগেই প্রস্তুত রাখা হয়েছিল। ১০ মে ভোররাতে কালাম ট্রাক নিয়ে ঢাকায় পৌঁছালে মাদক চক্রের লোকজন কালাম ও তাঁর সহকারী কালু মিয়াকে ধরে ফেলে। তাঁরা কালামকে মারধর করে খানকা শরিফের সামনে ফেলে যায়। সহকারী কালু মিয়া কোনোরকমে পালিয়ে যেতে সমর্থ হন।স্থানীয় লোকজন কালামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আর কালু মিয়া অন্যত্র প্রাথমিক চিকিৎসা নিয়েই চট্টগ্রাম চলে যান। পরে কালু মিয়ার কাছে খবর পেয়ে নিহত কালামের চাচা আবদুল হামিদসহ স্বজনেরা ঢাকায় হাসপাতালের মর্গে এসে কালামের লাশ শনাক্ত করে।আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, তিনিও জানতে পেরেছেন স্থানীয় মাদক পাচারকারীচক্র পানের চালানে লুকিয়ে ইয়াবার চালান ঢাকায় আনতে কালামকে চাপ দিয়েছিল। তাঁর অভিযোগ, মাদক পাচারকারী বাহাদুর, হাসান, আলম ও সিদ্দিকসহ তাঁদের সহযোগীরা কালামকে খুন করেছেন। তিনি এই চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেছেন।