ঈদ উপলক্ষে ঢাকায় এবার পশুর ২০ হাট
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরে পশুর ২০টি হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি করে হাট বসবে। হাট থেকে কোরবানির পশু কেনার সময় ক্রেতাকে বাধ্যতামূলকভাবে একটি থলে কিনতে হবে। এর মূল্য হবে সর্বোচ্চ ১৫ টাকা। এতে প্রায় ৪০ কেজি বর্জ্য রাখা যাবে।গতকাল মঙ্গলবার সচিবালয়ে এ-সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ গাজীপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও মানিকগঞ্জ পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জাহাঙ্গীর কবির নগরবাসীকে যেখানে-সেখানে বর্জ্য না ফেলে ওই থলের ভেতর রাখার আহ্বান জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, বৈঠকে ঢাকার দুই সিটি করপোরেশনের অধীনে ১০টি করে পশুর ২০টি হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে গাবতলীর একটি হাট স্থায়ী এবং বাকি ১৯টি অস্থায়ী। প্রতিমন্ত্রী জানান, বৈঠকে কোরবানির পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণেও বিশদ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। বর্জ্য অপসারণে ১৩ হাজার ৫৫০ জন পরিচ্ছন্নতাকর্মী থাকবেন এবং তিন শতাধিক বর্জ্য পরিবহন ট্রাক থাকবে। ঈদের দিন থেকে টানা তিন দিন বর্জ্য অপসারণের কাজ চলবে। এ জন্য দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। কোথায় হাট বসবে: ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন গাবতলী, উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, তালতলা বাসস্ট্যান্ডসংলগ্ন খালি জায়গা, আগারগাঁও বস্তির খালি জায়গা, বনানী-কাকলী রেলস্টেশনসংলগ্ন খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ, বারিধারা জে ব্লকের (সাবেক নুরের চালা) রাস্তার পাশের খালি জায়গা, মিরপুর ৬ নম্বর সেকশনের ৬ নম্বর ওয়ার্ডের (সাবেক ওয়ার্ড ৯২) ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা এবং উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথসংলগ্ন খালি জায়গায় পশুর হাট বসবে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মেরাদিয়া বাজার, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ, গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন বালুর মাঠ, ঝিগাতলা হাজারীবাগ মাঠ, লালবাগে রহমতগঞ্জ ক্লাবের খেলার মাঠ, আরমানিটোলা খেলার মাঠ, সাদেক হোসেন খোকা মাঠ, গোলাপবাগ মাঠের পাশে সিটি করপোরেশনের আদর্শ স্কুল মাঠ ও আশপাশের খালি জায়গা, ধূপখোলার ইস্ট এন্ড ক্লাবের মাঠ এবং পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন খালি জায়গায় পশুর হাট বসবে।বৈঠকে সিদ্ধান্ত হয়, হাটের জন্য নির্ধারিত সীমানার বাইরে পশু রাখা যাবে না। পথচারী, যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। রাস্তা ও অন্যান্য অবকাঠামোর ক্ষতি করা হলে ইজারাদারের জামানত বাজেয়াপ্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইজারাদারকে নিজ ব্যবস্থাপনায় হাটের বিভিন্ন স্থানে পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। হাটের জন্য নির্ধারিত স্থানের বাইরে যাতে ইজারাদার ব্যবহার করতে না পারেন, তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত থাকবে।