ঈদ উপলক্ষে নৌপথে বিশেষ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে নৌপথে ৫০ কিলোমিটার পাড়ি দেওয়া যাত্রীদের ১০ শতাংশ পর্যন্ত ভাড়া ছাড় দেওয়া হবে। এ ছাড়া এবার ঈদে যোগ হবে বড় দুটি নতুন লঞ্চ। বেশি যাত্রী নেওয়ার সুবিধার্থে প্রায় সব লঞ্চ অতিরিক্ত চলাচল করবে। অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বিশেষ স্টিমার সার্ভিস চালু করবে।গতকাল মঙ্গলবার বিকেলে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে নিজস্ব ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত আন্তসংস্থার সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। ঈদুল আজহা উপলক্ষে নৌপথে সুষ্ঠু ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান খন্দকার শামছুদ্দোহা সভায় সভাপতিত্ব করেন। সভায় বিআইডব্লিটিএ, বিআইডব্লিউটিসি, সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তা, লঞ্চমালিকদের সমিতির নেতা, কোস্টগার্ড-পুলিশ-র্যা বসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।খন্দকার শামছুদ্দোহা বলেন, ঈদে লঞ্চের ছাদে ওঠা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নৌকাযোগে মাঝ নদী থেকে লঞ্চে ওঠাও ঠেকানো হবে। এ জন্য লঞ্চমালিক এবং কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার উল্লেখ করে তিনি বলেন, নৌপথে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য সচেতনতামূলক বিভিন্ন প্রচারের ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত লঞ্চমালিকদের অতিরিক্ত ভাড়া আদায় না করার অনুরোধ জানান তিনি।বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবর রহমান বলেন, এবার কোরবানির ঈদে ফেরি পারাপারে বিভিন্ন ফেরিঘাটে ৩৮টি ফেরি চলাচল করবে। ঈদে স্টিমারের নিয়মিত সার্ভিসের পাশাপাশি বিশেষ ঈদসেবা দেওয়ার জন্য ছয়টি স্টিমার চলাচল করবে। অপরদিকে বিভিন্ন নৌপথে চলাচলের জন্য সি-ট্রাক প্রস্তুত করা হয়েছে। সভায় অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দীন জানান, এবার ঈদে লঞ্চের বিশেষ সার্ভিসের পাশাপাশি পারাবত-৯ এবং কীর্তনখোলা-২ নামে দুটি লঞ্চ নামানো হবে।সভায় জানানো হয়, লঞ্চে যাত্রী পারাপারের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু নৌপথে যাত্রীদের নিরাপত্তার জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। সভায় বিভিন্ন নদীবন্দরের টার্মিনালের পন্টুন ক্যানভাসার ও হকারমুক্ত রাখা, টার্মিনাল ও নৌপথের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য র্যা ব, পুলিশ, কোস্টগার্ড মোতায়েন করা, নদীবন্দরসহ গুরুত্বপূর্ণ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা এবং রাতের বেলা মালবাহী জাহাজ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।