ঈদ উপলক্ষে হকারের সংখ্যা দ্বিগুণ, চলছে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, এলিফ্যান্ট রোড, পল্টন, গুলিস্তান, মতিঝিল, কারওয়ান বাজার, মিরপুর, দারুসসালাম, শাহ আলী, কাফরুল, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় ঈদ সামনে রেখে হকারের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এই বাড়তি হকারদের বলা হয় মৌসুমি হকার। তাঁরাই মূলত চাঁদা দিয়ে রাস্তার ওপর গিয়ে বসছেন।হকার্স সমিতির নেতারা বলছেন, হকাররা এখন চলে গেছেন পুলিশের লাইনম্যানদের নিয়ন্ত্রণে। রাজধানীতে সবচেয়ে বেশি হকার বসেন নিউমার্কেট ও গুলিস্তান এলাকায়। ছিন্নমূল হকার্স সমিতির তথ্য অনুযায়ী, গুলিস্তান এলাকায় হকারের সংখ্যা প্রায় ৫০ হাজার। নিউমার্কেট এলাকায় প্রায় ৪০ হাজার। এরপর সায়েদাবাদ-যাত্রাবাড়ী, তারপর ফার্মগেট-কারওয়ান বাজার এলাকায়।হকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, নিউমার্কেট থানার অধীনে বলাকা প্রেক্ষাগৃহের সামনে ফুটপাত থেকে টাকা তোলেন বাবুল ও তাঁর সহযোগীরা, গাউছিয়ার সামনে টাকা তোলেন হোসেন ও তাঁর সহযোগীরা, বলাকার পূর্ব পাশে টেম্পো স্ট্যান্ডে টাকা তোলেন শাহাদাত হোসেন ও তাঁর সহযোগীরা, নিউমার্কেটের পূর্ব দেয়ালে টাকা তোলেন আবদুস সাত্তার ও তাঁর সহযোগীরা এবং ধানমন্ডি সুপার মার্কেট এলাকায় টাকা তোলেন রফিক ও তাঁর সহযোগীরা। তাঁরা সবাই পুলিশের স্থানীয় লাইনম্যান বলে হকাররা জানিয়েছেন।পল্টন: পুরানা পল্টনের ৬২/২ নম্বর ভবনের সামনের ফুটপাতের টুপি বিক্রেতা আবুল বাশার বললেন, ‘এত দিন ৩০ ট্যাকা কইরা দিয়া আসতাছি। হুনলাম, আজ থাইক্যা ২০ ট্যাকা বাড়াইয়া ৫০ করছে। অহনো দেই নাই।’ তিনি জানান, দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত পুরো ফুটপাতে পুলিশের হয়ে চাঁদা তোলেন লাইনম্যান নূর মিয়া ওরফে কাইল্যা নূর, শাহজালাল, কামরুল ও গোলাপ।গুলিস্তান: সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, গুলিস্তানের ২২টি ফুটপাতই নিয়ন্ত্রণ করছেন আবদুস সালাম নামে পুলিশের এক লাইনম্যান। সালাম নিজেকে যুবলীগের নেতা পরিচয় দিয়ে থাকেন। তবে জানা গেছে, গত সরকারের আমলেও সালাম ওই এলাকায় লাইনম্যান হিসেবে কাজ করেছেন।বায়তুল মোকাররমের পশ্চিম পাশ হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফুটপাতে পুলিশের হয়ে চাঁদা তোলেন লাইনম্যান কোটন। বঙ্গবন্ধু এভিনিউয়ের আশপাশে আকতার হোসেন ও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ফুটপাতে দোকানপ্রতি ১০০ টাকা করে চাঁদা নেন আবুল হোসেন। ভাসানী হকি স্টেডিয়ামের সামনে ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গেটে টাকা তুলছেন পল্টন থানার লাইনম্যান আলী। তিনি নিজেকে ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দেন।বঙ্গবন্ধু হকার্স মার্কেটের পাশে ফুটপাতের দোকানগুলোয় চাঁদা আদায় করছেন লাইনম্যান দুলাল ও মনির। গোলাপ শাহ মাজার থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত ১৫০ টাকা করে চাঁদা তুলছেন লাইনম্যান বিমল বাবু। জাতীয় গ্রন্থাগারের পাশে বাবুল ও শহীদ। জিপিওর সামনে কবির, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পেছন দিকে সালাম, হিন্দু বাবুল ও বিমল বাবু, গুলিস্তান হল মার্কেটের সামনে স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয়ধারী বাবুল এবং জুতাপট্টিতে মঙ্গল নামে যুবলীগের আরেক নেতা পুলিশের হয়ে টাকা তোলেন।মিরপুর: মিরপুর ১ নম্বরে মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেট, শাহ আলী শপিং কমপ্লেক্স, ম্যাকফেয়ার মার্কেট, কুসুমে বাগদাদ, গ্রামীণ মার্কেট, ছিন্নমূল হকার্স মার্কেটের ফুটপাতসহ আশপাশে সহস্রাধিক হকার চৌকি পেতে ও ভ্যান পেতে বসেছেন। এসব মার্কেটের সামনের ফুটপাত ও রাস্তার ওপর বসা হকারদের কাছ থেকে চাঁদা তোলেন কবির, ফয়সাল, মোহাম্মদ আলী, মুকুল, নয়ন, জুয়েল, হান্নান, শাহ আলম ও গিয়াসউদ্দিন।সম্প্রতি বাংলাদেশ হকার্স লীগ ও ছিন্নমূল হকার্স লীগ ওই লাইনম্যানদের গ্রেপ্তারের দাবি জানিয়ে স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ে আবেদন করে।শাহ আলী শপিং কমপ্লেক্সের ফুটপাতে চৌকি পেতে তৈরি শার্ট-প্যান্ট বিক্রি করছেন হকার মো. খোকন। তিনি বলেন, একেকটি চৌকি থেকে মোহাম্মদ আলী আড়াই হাজার টাকা চাঁদা নেন। শুধু তিনি নন, মার্কেটের সামনে তাঁর মতো অর্ধশতাধিক হকার আড়াই হাজার টাকার বিনিময়ে একেকটি চৌকি নিয়েছেন।মুক্তবাংলা শপিং কমপ্লেক্স বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হারুন অর রশীদ প্রথম আলোকে জানান, মার্কেটের সামনে হকার বসিয়ে কারা চাঁদাবাজি করছেন, সে বিষয়টি তিনি দেখবেন।মিরপুর মুক্তবাংলা শপিং কমপ্লেক্স সমিতির সাধারণ সম্পাদক ঢালী মো. শাহজাহান বলেন, মানুষের চলাচলের পথ বন্ধ করে হকাররা অবৈধ ফুটপাত দখল করে বসেছেন। পুুলিশের লাইনম্যানরা ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদাবাজি করছেন। এ থেকে ভাগ পান রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান ওরফে রতন জানান, লাইনম্যান কবির, মোহাম্মদ আলী ও ফয়সাল ফুটপাতের হকারদের কাছ থেকে পুলিশের হয়ে চাঁদাবাজি করছেন। কয়েক দিন আগে শাহ আলী থানার দুজন দারোগা হকারদের কাছ থেকে চাঁদা তুলতে এলে তিনি তাঁদের বাধা দেন।সন্ত্রাসীরা ঈদ বকশিশের নামে মিরপুর ২ নম্বরের ডি-ব্লকের ১ নম্বর রোডের এক বাসিন্দার কাছে চাঁদা না পেয়ে তাঁর দ্বিতীয় তলার ফ্ল্যাট লক্ষ্য করে গুলি চালায়। এতে ফ্ল্যাটের জানালার কাচ ভেঙে যায়।গত বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে মিরপুর ১ নম্বর সেকশনের ই-ব্লকের নির্মাণাধীন বাড়ির নিরাপত্তাকর্মী আক্কাস আলীকে লক্ষ্য করে গুলি চালালে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর ছেলে হাকিম (১৪) গুলিবিদ্ধ হয়।মতিঝিল: মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে হকাররা গড়ে তুলেছেন ফুটপাত মার্কেট। স্থানীয় লোকজনের কাছে এটি ‘লেডিস মার্কেট’ নামে পরিচিত। এখানকার ব্যবসায়ীদের অভিযোগ, শাহজাহানপুর পুলিশ ফাঁড়ি ও মতিঝিল থানা তাঁদের কাছ থেকে লাইনম্যানদের মাধ্যমে প্রতিদিনই টাকা নেয়। সাইফুল ও ফল বেপারি নামে পরিচিত এক লাইনম্যান এসব চাঁদা তুলে থাকেন।মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ বহু আগে থেকেই শুনে আসছি। এর কোনো ভিত্তি আছে বলে মনে করি না।’পুরান ঢাকা: সূত্র জানায়, পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় ছোট-বড় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ডাকাত শহীদের সহযোগী নাছির ও শাহাদাত করিম ঝন্টু চাঁদা আদায় করেন। তাঁদের সহযোগী দুই ভাই রুবাই ও জিকু। তাঁরা মূলত রাজনৈতিক আশ্রয়ে চাঁদাবাজি করে থাকেন।সূত্রাপুর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, শুধু ধোলাইখাল নয়, গোটা পুরান ঢাকায় ডাকাত শহীদের নামে নীরব চাঁদাবাজি হচ্ছে। তবে যাঁদের নাম বলেছেন, তাঁদের বিরুদ্ধে থানায় কেউ অভিযোগ করেনি।