রাজধানীর প্রায় সর্বত্রই হিউম্যান হলার ও টেম্পোতে ‘ঈদ বকশিশ’-এর নামে বেপরোয়া চাঁদাবাজি চলছে। সন্ত্রাসীরা ‘লাইনম্যান’ দিয়ে পুলিশের নামে এই চাঁদা তুলছে।হলার ও টেম্পোর মালিক ও চালকদের অভিযোগ, চাঁদা না দেওয়া হলে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।মালিক ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরপুর ১ নম্বর থেকে ধানমন্ডির জিগাতলা রুটে প্রতিদিন ৪৬০ টাকা চাঁদা দিতে হয়। পুরান ঢাকার বাবুবাজার ও সদরঘাট থেকে গুলিস্তান-যাত্রাবাড়ী-জুরাইন-ডেমরা ও শ্যামপুর রুটের টেম্পো থেকে ৩৮০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। পুরান ঢাকার সদরঘাট ও বাবুবাজার টেম্পোস্ট্যান্ডের মালিক সমিতির সদস্য মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাঁদাবাজিতে অতিষ্ঠ ৩৬ জন টেম্পো মালিক প্রতিকার পেতে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালকসহ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের কাছে অভিযোগ করে উল্টো বিপদে পড়েছেন। মফিজুল ইসলাম অভিযোগ করেন, পুলিশ ‘নিষ্ক্রিয়’ থাকায় সন্ত্রাসীরা এখন মালিকদের ওপর হামলা করছে। চাঁদাবাজিও অব্যাহত আছে।এ ব্যাপারে জানতে চাওয়া হলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ও ডিবির প্রধান শেখ মুহম্মদ মারুফ হাসান টেম্পো মালিকদের অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’পুলিশ কমিশনারের কার্যালয়ে টেম্পো মালিকদের জমা দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এলাকার ‘চিহ্নিত সন্ত্রাসী’ চাঁদাবাজ ম্যাগনেট ছালাম ও ফারুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রনেতার মাধ্যমে সদরঘাট ও বাবুবাজার টেম্পোস্ট্যান্ডের দখল নেয়। তারা একটি কমিটি গঠন করে সমিতির ব্যানারে লাইন খরচের নামে প্রতিটি গাড়ি থেকে ২৫০ টাকা ও পার্কিংয়ের জন্য পুলিশের নামে ৫০ টাকা করে চাঁদা আদায় করছে। সদরঘাট স্ট্যান্ডে লাইনম্যান রেজাউল, বাবুবাজার স্ট্যান্ডে খালেক, যাত্রাবাড়ীতে ইউসুফ, লিটন ও নুরে আলম এ চাঁদা তোলে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, কোতোয়ালি, সূত্রাপুর, যাত্রাবাড়ী ও ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অপারেশন কর্মকর্তা, সার্জেন্ট, টহল পরিদর্শক ও গোয়েন্দা পুলিশের নামে এই চাঁদা তোলা হয়। এর বাইরেও রাতে গাড়ি পার্কিংয়ের জন্য নৈশপ্রহরী নান্নু ও আকবরের মাধ্যমে কোতোয়ালি থানার ওসির নামে এক হাজার ৩০০ টাকা তোলা হয়। প্রতিবাদ করলে পুলিশ দিয়ে মামলা করিয়ে জেলহাজতে পাঠানোর ভয় দেখায় চাঁদাবাজেরা। ধানমন্ডির জিগাতলায় মিরপুর ১ নম্বর রুটের হিউম্যান হলারের চালক আবদুল আউয়াল এ প্রতিবেদককে জানান, ধানমন্ডির জিগাতলা থেকে ৫০ টাকা, মোহাম্মদপুরে শিয়া মসজিদের সামনে থেকে ২৩০ টাকা, পুলিশের নামে ৩০ টাকা ও মিরপুর ১ নম্বর থেকে ৯০ টাকা চাঁদা তোলা হয় লাইনম্যানের মাধ্যমে। এ রুটে শতাধিক হলার চলাচল করে।গাবতলী-মহাখালী রুটের হলার চালক ইমরান হোসেন জানান, গাবতলী টার্মিনালে পার্কিংয়ের নামে প্রতিটি গাড়ি থেকে লাইনম্যান ওয়াসিমের মাধ্যমে চাঁদা আদায় করা হয় ৬০ টাকা, মহাখালীতে লাইনম্যান স্বপনের মাধ্যমে আদায় করা হয় ৪০ টাকা। মিরপুর ১ নম্বর থেকে লাইনম্যান হিসেবে চাঁদা তোলে রনি। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাঁদের আইনের আওতায় আনা হবে।