ঈদ-পূজায় রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, কোরবানির হাট ও ট্রাকে চাঁদাবাজি রোধে পুলিশের বিশেষ দল কাজ করবে। পুলিশ বা মাস্তান যে-ই চাঁদাবাজি করুক, কাউকে ছাড় দেওয়া হবে না।ডিএমপি কমিশনার গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে পুলিশের মিডিয়া সেন্টারে আসন্ন ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে নেওয়া নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।বেনজীর আহমেদ বলেন, রাজধানীতে ২৭টি গরুর হাট ও ২০৬টি পূজামণ্ডপ, ঈদ জামাতের স্থান, বিপণিবিতান, লঞ্চ, বাস, রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। এ জন্য থাকছে আলাদা দুটি নিয়ন্ত্রণকক্ষ। লঞ্চ, বাস ও রেলস্টেশনে অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকবে। ঈদ জামাতের স্থান ও স্টেশনগুলোতে সিসিটিভি স্থাপন করা হবে।বেনজীর আহমেদ আরও বলেন, ঈদুল আজহা উপলক্ষে ১৭ দিন (১৫ থেকে ৩১ অক্টোবর) ও দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের (২০ থেকে ২৪ অক্টোবর) নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‌্যাব, পুলিশের বিশেষ দলের মধ্যে সমন্বয় করে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। থাকবে গোয়েন্দা নজরদারিও।ডিএমপি কমিশনার বলেন, বিজয়া শোভাযাত্রা ও বিসর্জনের সময় পুলিশি নিরাপত্তা থাকবে। এ ছাড়া ‘ওয়াচ টাওয়ার’ থেকে হাটগুলোকে পর্যবেক্ষণ করা হবে। চামড়া পাচার রোধেও নেওয়া হয়েছে ব্যবস্থা। অপরাধে জড়িত থাকার কারণে গত ছয় মাসে ১১ জন পুলিশকে কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে।বেনজীর আহমেদ বলেন, শহরজুড়ে পশু কোরবানি দেওয়ার ফলে পরিবেশদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যে সমস্যা তৈরি হয়, মক্কার মতো নির্দিষ্ট স্থানে সবাই একসঙ্গে কোরবানির ব্যবস্থা করা গেলে তা এড়ানো সম্ভব। বিষয়টি সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় বিবেচনা করে দেখতে পারে।নিরাপত্তা নির্দেশনা: ডিএমপির পক্ষ থেকে ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে জনসাধারণকে বেশ কিছু নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট স্থানের ভেতরে পশু কেনাবেচা করা, কেউ চাঁদা দাবি করলে ও জোর করে পশু ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশের নিয়ন্ত্রণকক্ষে জানানো, নির্ধারিত হারের চেয়ে বেশি হাসিল না নেওয়া, জাল টাকা যাচাই ও প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়া, ঢাকা সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে পশুর বর্জ্য ফেলা, নির্ধারিত স্থানে চামড়া ক্রয়-বিক্রয় ও এ ক্ষেত্রে যেকোনো সন্ত্রাসী কার্যক্রম ঘটলে পুলিশকে জানানো, অপরিচিত কারও সঙ্গে ভাগাভাগি করে গাড়ি ভাড়া না নেওয়া। পুলিশ জানায়, কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বড় অঙ্কের টাকা স্থানান্তরের জন্য প্রয়োজন মনে করলে পুলিশের সহায়তা নিতে পারবেন। সহায়তাপ্রত্যাশীরা ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩৩৯৮৩১১, ০১১৯১০০১১২২ নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া জরুরি ক্ষেত্রে পুলিশ নিয়ন্ত্রণকক্ষ ০১১৯১০০৬৬০০, ০১৭১৩৩৯৮৩১১ ও ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষ ০১৭১১০০০৯৯০, ০১১৯৯৮০৬১১১ নম্বরগুলোতে যোগাযোগ করতে হবে।