ঈদ সামনে, অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীরা বেপরোয়া
ঈদ সামনে রেখে রাজধানীতে ‘অজ্ঞান পার্টি’ ও ‘মলম পার্টির’ দৌরাত্ম্য বেড়েছে। সেই সঙ্গে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীরা। গত এক সপ্তাহে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শতাধিক লোক সর্বস্ব খুইয়েছে। তাদের অনেকেই নগরের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে।ভুক্তভোগী, এলাকাবাসীসহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত সাত দিনে রাজধানীতে শ খানেক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার বেশির ভাগ মানুষই হয়রানির ভয়ে থানায় মামলা করতে যায় না। মামলা করাটাকে অনেকে বাড়তি ভোগান্তি মনে করে। তাই প্রতিদিন মহানগরে কতজন ছিনতাইয়ের শিকার হচ্ছে, তার প্রকৃত হিসাব পাওয়া যায় না। তবে প্রতিদিনই কোনো না কোনো ভুক্তভোগী ফোন করে পত্রিকা কার্যালয়ে ছিনতাইয়ের কথা জানাচ্ছে।পুলিশের সদর দপ্তর সূত্র জানায়, ২৩ আগস্ট পুলিশ সদর দপ্তরে আইনশৃঙ্খলা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পকেটমার ও অজ্ঞান পার্টির তত্পরতা রোধে বাস, রেল, লঞ্চ ও টার্মিনালসহ বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ দল নিয়োজিত রাখার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে রাজধানীর ছিনতাইয়ের স্পট চিহ্নিত করে সেখানে সাদা পোশাকে পুলিশের দল মোতায়েনের সিদ্ধান্তও নেওয়া হয়।গতকাল বৃহস্পতিবার পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মিজানুর রহমান (৩৫) নামের এক যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাঁর জ্ঞান ফিরে আসে। মিজান জানান, তিনি তেজগাঁওয়ের নাখালপাড়ায় থাকেন। গতকাল ভোরে গ্রামের বাড়ি চাঁদপুর থেকে লঞ্চে ঢাকায় ফেরার পর সদরঘাট টার্মিনালে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এরপর তাঁর কিছু মনে নেই। তাঁর কাপড়ের ব্যাগ ও পাঁচ হাজার টাকা খোয়া গেছে বলে জানান তিনি। এর আগে গত মঙ্গলবার রাত ১০টায় সড়ক ভবনের সামনে সিএনজিচালিত অটোরিকশার চালক কলিম খানকে (৪০) অজ্ঞান করে রাস্তায় ফেলে দিয়ে তাঁর অটোরিকশাটি নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।গত বুধবার মিরপুর থানার পুলিশের একটি দল সাদা পোশাকে নগরের কল্যাণপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ছিনতাইকারী হিসেবে পরিচিত মলম পার্টির সদস্য সবুজ (৩২), কুদ্দুস (৪৫) ও লিটনকে (৩২) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে দুটি চাকু, একটি চাপাতি ও দুটি বিষাক্ত মলমের কৌটা উদ্ধার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহূত প্রাইভেট কারটি আটক করা হয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃত মলম পার্টির সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। মিরপুর থানার অধীন গাবতলী ও কল্যাণপুরে বাস টার্মিনাল রয়েছে। ঈদ সামনে রেখে অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। বিষয়টি মাথায় রেখে সাদা পোশাকে পুলিশের টহল জোরদার করা হয়। ওসি বলেন, এসব এলাকায় তত্পর থাকা অজ্ঞান ও মলম পার্টির পাঁচটি দলকে গ্রেপ্তারে পুলিশের টহল জোরদার করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ সামনে রেখে ছিনতাইকারীর তত্পরতা বেড়ে গেছে। বুধবার বঙ্গভবন-সংলগ রাস্তায় হার্ডওয়্যার ব্যবসায়ী হাবিবুর রহমানকে (৪০) পিটিয়ে তাঁর কাছ থেকে ছিনতাইকারীরা ৪০ হাজার টাকা নিয়ে যায়। এর আগে তিন ছিনতাইকারী কাকরাইল মোড়ে সেবিকা মমতাজ বেগমের (৪০) হাতে কোপ দিয়ে তাঁর কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকা মমতাজ বেগম জানান, পুলিশি ঝামেলার কারণে তিনি থানায় মামলা করতে যাননি।জানতে চাওয়া হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. মনিরুল ইসলাম অজ্ঞান ও মলম পার্টি এবং ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ছিনতাই প্রতিরোধে পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি মোটরসাইকেলে ভ্রাম্যমাণ গোয়েন্দা দল টহল দেবে।