ঈদ সামনে রেখে রাজধানীতে নতুন টাকার জমজমাট হাট
জুতা-জামা থেকে শুরু করে ঈদে সব কিছু চাই নতুন। সঙ্গে যদি থাকে নতুন কচকচে টাকা, তাহলে ছোটদের ঈদের আনন্দ বেড়ে যায় কয়েকগুণ। তাই কমবেশি সবাই চায় ঈদের আগে কিছু নতুন কচকচে নোট সংগ্রহ করতে। এ নোট সংগ্রহ করতে অনেকেই ভিড় করেন মতিঝিলে সেনাকল্যাণ সংস্থার সামনে ও গুলিস্তানে। প্রতিদিন সেখানে বসে নতুন টাকার হাট। টাকার বিনিময়ে চলে টাকা বেচাকেনা। ঈদ সামনে রেখে সে হাট এখন জমজমাট।জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ঈদ সামনে রেখে তিন হাজার কোটি টাকা মূল্যের নতুন টাকা বাজারে ছাড়ছে। গত ৩১ আগস্ট পর্যন্ত ৮৪০ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের পাঁচ কোটি ৬৬ লাখ ৫০ হাজারটি নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। এর মধ্যে আছে দুই, পাঁচ, ১০, ২০, ১০০, ৫০০ ও এক হাজার টাকার নোট।গতকাল সোমবার দেখা গেল, নতুন টাকা সংগ্রহ করতে বাংলাদেশ ব্যাংকে বেশ ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা সংগ্রহ করছেন অনেকে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা নিজেদের পরিচয়পত্র দেখিয়ে টাকা নিচ্ছেন কেন্দ্রীয় ব্যাংক থেকে। কিন্তু সেখানেও লম্বা লাইন।তাই ঝক্কি-ঝামেলায় না গিয়ে বাংলাদেশ ব্যাংকের পাশে ‘টাকার হাটে’ এসেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবু রায়হান। সেখানে ভিড় জমিয়েছেন তাঁর মতো আরও অনেকে।বাড়ির পথে রওনা দিয়েছেন তওহিদুর রহমান। পথে নতুন টাকা কিনতে এসেছেন মতিঝিলে। তিনি বলেন, ‘বাড়ি যাচ্ছি, ঈদে ভাইবোনেরা নতুন টাকা চাইবে। তাই নতুন টাকা কেনা। তাছাড়া ফিতরা দিতে ভাঙতি টাকা দরকার হয়।’নতুন টাকা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত নতুন এক টাকার মুদ্রা ১০০টি বিক্রি হচ্ছে ১১০ টাকায়। ৫০০টি দুই টাকার নতুন নোটের দাম এক হাজার ২৫ টাকা। ২০০টি পাঁচ টাকার নোট ও ১০০টি ১০ টাকার নোট বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকায়। আর ৫০টি ২০ টাকার নোট কিনতে হচ্ছে এক হাজার ৮০ থেকে এক হাজার ১০০ টাকায়। এসব নোটেরই চাহিদা বেশি। তাছাড়া আছে ১০০, ৫০০ ও এক হাজার টাকার নতুন নোট।টাকা বিক্রেতা সুমন জানান, তাঁরা দীর্ঘদিন ধরে এ ব্যবসা করছেন। সব সময় সেখানে ভাঙতি, নতুন টাকা বিক্রি হয়। সামনে ঈদ, তাই এখন ব্যবসা জমজমাট।রহিমা জানান, ঈদের সময় বলে তাঁদের টাকার ব্যবসা বেশ ভালো হচ্ছে। প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার টাকার নোট বিক্রি হচ্ছে। এতে সাত-আট শ টাকা লাভ থাকে।এই টাকা বিক্রেতারা বাংলাদেশ ব্যাংকে লাইনে দাঁড়িয়ে নতুন টাকা সংগ্রহ করেন। তবে কিছু আলাদা সুযোগও কেউ কেউ পান। নাম প্রকাশ না করার শর্তে অপর এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ‘স্যার (ব্যাংক কর্মকর্তা) আমাকে নতুন টাকা দেন। আমি ওই টাকা হাটে বিক্রি করি। দিন শেষে লাভের টাকা আমি আর স্যার ভাগাভাগি করে নিই।’