ঈদযাত্রায় ভোগান্তি কম, ভিড়ও কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট—সর্বত্র এখন ঘরমুখো যাত্রীদের ভিড়। তবে এবারের ঈদে সরকারি ছুটি নয় দিন বলে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি তুলনামূলকভাবে কম।

গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে সরকারি চাকুরেদের শেষ কর্মদিবস। ফলে সেদিনই অনেকে বাড়ির উদ্দেশে রওনা হন। তবে গতকাল শুক্রবার ছুটির দিনে বাড়িমুখী মানুষের ভিড় ছিল অনেক বেশি। ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ ছিল যাত্রীবোঝাই।

গতকাল সকালে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, প্রতিটি বাসের সব আসন পূর্ণ। কল্যাণপুর ও গুলিস্তানেও ছিল বাড়িমুখী মানুষের ভিড়।

কল্যাণপুর থেকে গাইবান্ধার উদ্দেশে পরিবার নিয়ে রওনা দেওয়া আজিম উদ্দিন বলেন, ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আনন্দই আলাদা। এখনো কোনো দুর্ভোগ পোহাতে হয়নি। লম্বা ছুটির কারণে এবার ঈদ আনন্দেই কাটবে।

পরিবহনমালিকেরা বলছেন, ঈদে লম্বা ছুটি থাকায় এবার যাত্রীদের উপচেপড়া ভিড় এখন নেই। হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, বাসগুলো নির্ধারিত সময়েই ছাড়ছে। প্রতিবারের মতো এবার যাত্রীদের হুড়োহুড়ি নেই।

গাবতলীতে শ্যামলী পরিবহনের কাউন্টারের কর্মী মজিদ বললেন, এবার যাত্রীদের বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। ঢাকার বাইরে থেকে বাস আসছে, আবার ছেড়ে যাচ্ছে। চাপ না থাকায় এখন পর্যন্ত বিশেষ ‘ট্রিপ’ চালু হয়নি। ৩ ও ৪ জুলাই অতিরিক্ত ‘ট্রিপ’ দেওয়ার কথা আছে।

মহাখালীতে গিয়ে দেখা গেছে ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, নরসিংদীগামী বাসগুলোতে ওঠার জন্য যাত্রীদের ভিড়। এসব বাসের জন্য অগ্রিম টিকিট দেওয়া হয় না। ফলে বাস ও আসন থাকা সাপেক্ষে টিকিট কাটতে হচ্ছে বলে লম্বা সারি।

কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে বাড়িমুখী যাত্রীদের ভিড়। চারটি ট্রেন ছাড়া বাকিগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয়নি তাঁদের।

রেলওয়ে সূত্র বলেছে, ভোর থেকে বেলা তিনটা পর্যন্ত ২৩টি আন্তনগর ট্রেন কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টার পরিবর্তে রাজশাহীর উদ্দেশে রওনা হয় ৭টা ২০ মিনিটে। সুন্দরবন এক্সপ্রেস নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ১০ মিনিট পর সকাল সাড়ে আটটায় রওনা হয়। পৌনে ১ ঘণ্টা পর ছাড়ে লালমনি এক্সপ্রেস। বেলা ২টা ৪০ মিনিটে যাত্রার সময় থাকলেও সিল্কসিটি এক্সপ্রেস কমলাপুর ছাড়ে বিকেল সাড়ে ৪টার দিকে। তবে অন্য ট্রেনগুলোর সময়সূচি ঠিক ছিল।

রেলমন্ত্রী মুজিবুল হক দুপুরে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন। তিনি এ সময় সাংবাদিকদের বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকটি ট্রেনের কিছুটা দেরি হচ্ছে। তবে রেলের কর্মকর্তা-কর্মচারীরা পরিস্থিতি স্বাভাবিক রাখার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা গেছে, সকাল থেকে চাঁদপুরগামী লঞ্চের যাত্রীরা টার্মিনালে আসছেন। দুপুর নাগাদ দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর, ভোলা, বরিশালসহ বেশ কয়েকটি গন্তব্যের যাত্রীরা সদরঘাটে আসেন। যাত্রীদের ভিড় থাকলেও তা উপচে পড়া ছিল না। তবে তাড়াতাড়ি উঠতে গিয়ে এক যাত্রী লঞ্চ থেকে নদীতে পড়ে যান। তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করা হয়।

এমভি বাগেরহাট-২ লঞ্চের যাত্রী সিরাজুল ইসলাম বলেন, লঞ্চ ছাড়বে সন্ধ্যা ৬টায়। যানজট এড়ানোর জন্য দুপুর ১২টায় টঙ্গী থেকে রওনা দিয়েছেন। পথে গুলিস্তান ও সদরঘাট এলাকায় যানজটে পড়েন। বেলা আড়াইটার দিকে টার্মিনালে পৌঁছেছেন।

ঢাকা নদীবন্দর সূত্র বলেছে, গতকাল দক্ষিণাঞ্চল থেকে সদরঘাটে সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ এসেছে ৬৭টি। আর ছেড়ে গেছে ৩৯টি।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১-এর সহকারী পুলিশ সুপার জিসানুল হক বলেন, টার্মিনাল এলাকায় যাত্রীদের হয়রানি রোধ ও সেবার জন্য পুলিশ তৎপর রয়েছে। কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত মালামাল ও যাত্রী বোঝাই করতে দেওয়া হবে না।

অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার উপদেষ্টা ও এমভি টিপু লঞ্চের মালিক গোলাম কিবরিয়া বলেন, এবারের ঈদে টানা নয় দিন ছুটি থাকায় যাত্রীদের উপচে পড়া ভিড়ের সম্ভাবনা কম। তবে পোশাক কারখানা ছুটি হলে দুদিন পর লঞ্চের যাত্রী বাড়তে পারে।

নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মফিজুর রহমান বলেন, যাত্রীদের উপস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনে বিশেষ লঞ্চ সার্ভিস বাড়ানো হবে। এ ছাড়া লালকুঠি ঘাট এলাকায় নতুন টার্মিনাল নির্মাণ করায় চাঁদপুরগামী যাত্রীরা খুব সহজে টার্মিনাল থেকে লঞ্চে উঠতে পারবে।