ঈদে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে যাত্রী হয়রানি ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। মন্ত্রী বলেন, ‘ঈদের আগে অপরাধমূলক নানা ধরনের কর্মকাণ্ড বেড়ে যায়। যাত্রীদের নিরাপত্তা বিধানে এসবের বিরুদ্ধে আমরা এবার কঠোর অবস্থানে যাব।’ তিনি বলেন, গত বছরের মতো এ বছরও ঈদে সদরঘাট এলাকায় লঞ্চ মালিক সমিতির উদ্যোগে ‘কমিউনিটি পুলিশ’-এর ব্যবস্থা নেওয়া হবে।গতকাল বুধবার নৌ-মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নৌপথে যাত্রী হয়রানি বন্ধ, অপরিকল্পিত নদী খনন রোধ’ সংক্রান্ত এক সভায় মন্ত্রী এসব কথা বলেন।সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ভূমিমন্ত্রী রেজাউল করিম, নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদারসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং নৌপরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।শাজাহান খান বলেন, নৌপথে সীমানা নির্ধারণ না থাকায় ডাকাতি ও নৌডুবির ঘটনায় মামলা ও অন্যান্য আইনি প্রক্রিয়ায় নানা সমস্যা হচ্ছে। এসব সমস্যা নিরসনে নৌ-সীমানা নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। নৌপথে নিরাপত্তায় নৌ পুলিশ গঠন এবং কোস্টগার্ড বাহিনীকে শক্তিশালী করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, নৌপথে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হবে। তিনি বলেন, এ-সংক্রান্ত ভূমি মন্ত্রণালয়ের নেতৃত্বে যে জাতীয় কমিটি আছে, শিগগিরই তাঁদের সভা ডাকার জন্য বলা হয়েছে।শাজাহান খান আরও বলেন, নৌপথে রাতে মালবাহী ও অবৈধ নৌযান চলাচল এবং নির্মাণ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।২৯ জুলাই ঈদ ব্যবস্থাপনা বিষয়ে মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় সভায় লঞ্চে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।