২৩ কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি চলছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে । ভোর থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এসেছেন টিকিটপ্রত্যাশী মানুষ। আজ দেওয়া হচ্ছে ২৭ আগস্টের ট্রেনের টিকিট।
>

কোনদিনের টিকিট কবে?
২৭ আগস্টের ট্রেনযাত্রীদের টিকিট ১৮ আগস্ট
২৮ আগস্টের যাত্রীদের টিকিট ১৯ আগস্ট
২৯ আগস্টের যাত্রীদের টিকিট ২০ আগস্ট
৩০ আগস্টের যাত্রীদের টিকিট ২১ আগস্ট
৩১ আগস্টের যাত্রীদের অগ্রিম টিকিট ২২ আগস্ট বিক্রি করা হবে।

টিকিটপ্রত্যাশী ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। পরিবারের সদস্যদের জন্য টিকিট কাটতে চাকরিজীবী অনেকে এসেছেন।
মোট ২৩টি কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে। ভিড় থাকলেও তা অসহনীয় নয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত অনেকটা নির্বিঘ্নেই টিকিট নিতে দেখা গেছে যাত্রীদের। নারীদের কাউন্টারে টিকিটপ্রত্যাশীদের ভিড় কম। সেখান থেকে টিকিট কাটার পর মৌসুমি আক্তার নামে এক নারী জানালেন, মাত্র ২০ মিনিটের মধ্যেই তিনি ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের টিকিট পেয়েছেন।
ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের যাত্রী আল ফাইদ। তাঁর দুর্ভোগ অবশ্য বেশি। জানালেন, মা-বাবার সঙ্গে রাজশাহী যাবেন তিনি। সকাল পৌনে ছয়টার দিকে স্টেশনে এসে লাইনে দাঁড়িয়েছেন। সাড়ে ৯টার দিকে টিকিট পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবু জাভেদ। ২৭ তারিখের রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট নিতে এসেছেন তিনি। কাউন্টার খোলার পর জানতে পেরেছেন, ২৭ আগস্ট রোববার সাপ্তাহিক যাত্রাবিরতি থাকায় ট্রেনটি ছাড়বে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এসব ব্যাপারে কথা হয় কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তীর সঙ্গে। তিনি জানান, ঈদের আগের পাঁচ দিন অর্থাৎ ২৮ আগস্ট থেকে সব ট্রেনের সাপ্তাহিক যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। এটা একদিন আগে (২৭ আগস্ট) পড়েছে। সে ক্ষেত্রে রংপুর এক্সপ্রেস ট্রেনের বিকল্প কী জানতে চাইলে তিনি বলেন, ঢাকা থেকে রংপুর রুটে লালমণি এক্সপ্রেস ও নীলসাগর ট্রেন আছে। সেগুলোতেও যাত্রীরা যেতে পারবেন। তিনি বলেন, ঈদ উপলক্ষে ঢাকা-পার্বতীপুর, ঢাকা-রাজশাহী, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে বিশেষ ট্রেন চলবে। কিশোরগঞ্জের ভৈরব থেকে শোলাকিয়া পর্যন্ত এক জোড়া ট্রেন চলবে।
ট্রেনের অগ্রিম টিকিট ২২ আগস্ট পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও চট্টগ্রাম রেলস্টেশনের নির্ধারিত স্থানে বিশেষ ব্যবস্থাপনায় প্রতিদিন সকাল ৮টা থেকে দেওয়া হবে। ২৯ আগস্ট থেকে সাত জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।
