গত ঈদুল ফিতরের সময় লঞ্চ চলাচলে যেসব সমস্যা হয়েছে এবং যাত্রীরা যেসব দুর্ভোগের শিকার হয়েছেন, সেগুলো চিহ্নিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এগুলো সমাধানের মাধ্যমে কর্তৃপক্ষ আগামী ঈদুল আজহায় সমস্যা কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে। গতকাল সোমবার বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।সম্মেলনে বলা হয়, অভিজ্ঞতার আলোকে লঞ্চের ছাদে আর যাত্রী বহন করতে দেওয়া হবে না। স্থানীয় কমিটি এবং ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তের পরও যাত্রীবোঝাই লঞ্চ ঘাট ছেড়ে না গেলে ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চ টার্মিনালে পর্যাপ্ত যাত্রী ওঠানোর পরও মাঝ নদীতে নৌকা থেকে ঝুঁকি নিয়ে যাত্রী ওঠানো নিষিদ্ধ করা হবে। এ ছাড়া প্রয়োজনীয়সংখ্যক মাস্টার ও চালক না থাকার বিষয়টি মেনে নেওয়া হবে না।সংবাদ সম্মেলনে বলা হয়, সাধারণ যাত্রীদের জন্য ঘাট এলাকায় টিকিট সংগ্রহের ব্যবস্থা না থাকায় নিয়ন্ত্রণহীনভাবে লঞ্চে যাত্রী ওঠার সুযোগ সৃষ্টি হয়। তাই আগে টিকিট সংগ্রহের ব্যবস্থা নিতে হবে। যাত্রী দুর্ভোগ কমানোর ক্ষেত্রে মাস্টারের দায়িত্ববান হওয়া, বন্দর কমিটিগুলোর মধ্যে যথাযথ সমন্বয় সৃষ্টি ও মালিকদের টার্মিনালে নিয়মিত উপস্থিত থাকার প্রয়োজনীয়তার কথাও এ সময় উল্লেখ করা হয়।যাত্রী দুর্ভোগ কমাতে সংবাদ সম্মেলনে কিছু প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এগুলোর মধ্যে রয়েছে—সরকারি ব্যবস্থাপনায় যাত্রীবাহী নৌযানের সংখ্যা বাড়ানো, ঈদের ছুটি বাড়ানো, পর্যাপ্তসংখ্যক যাত্রীর নিরাপদ অবস্থানের জন্য টার্মিনালের আয়তন ও সুবিধা বাড়ানো, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে টাস্কফোর্স গঠন, নৌ-দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচার চালানো প্রভৃতি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া বলেন, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ৩৯টি নৌপথে বেসরকারি মালিকানায় ১৫০টি লঞ্চ চলাচল করে। কিন্তু ঈদ উপলক্ষে নৌবহরে নতুন কোনো লঞ্চ যোগ হয় না। তিনি বলেন, ঈদ উপলক্ষে যাত্রীসংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ১০ গুণ বেড়ে যায়। স্বাভাবিক সময়ে ঢাকা নদীবন্দরে প্রতিদিন সর্ব্বোচ ৪০ হাজার যাত্রী আসা-যাওয়া করে। ঈদ উপলক্ষে গত ৯ সেপ্টেম্বর ১১৮টি লঞ্চে তিন লাখেরও বেশি যাত্রী নৌপথে ঢাকা ছাড়েন বলে জানান মো. আবদুল মালেক মিয়া। ৬ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৫৫০টি লঞ্চে প্রায় ১৩ লাখ যাত্রী ঢাকা ছাড়েন। ফলে প্রকৃত চাহিদার তুলনায় লঞ্চের সংখ্যা সীমিত হওয়ায় বেশির ভাগ লঞ্চ স্বাভাবিকের তুলনায় গড়ে প্রায় পাঁচ গুণ যাত্রী বহন করেছে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিআইডব্লিউটিএর বন্দর বিভাগের পরিচালক মো. মাহবুবুল আলম এবং ট্রাফিক বিভাগের পরিচালক শফিকুল হক উপস্থিত ছিলেন।