ঈদে নগরে তিন ধাপের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় তিন ধাপের নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এ ব্যবস্থায় কোরবানির পশুর হাট, বিপণিবিতান, লঞ্চ, বাস, রেলস্টেশনে নিরাপত্তা জোরদারের পাশাপাশি এলাকাভিত্তিক অপরাধ প্রতিরোধে নানা তৎপরতা থাকবে পুলিশের।গতকাল বৃহস্পতিবার মহানগর পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ঈদুল আজহা উপলক্ষে পুলিশের নিরাপত্তাপ্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। এ সময় ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, পুরো নিরাপত্তাপ্রস্তুতি তিন ধাপে বাস্তবায়িত হবে। ঈদের আগে ঢাকার বিভিন্ন পশুর হাট, বিপণিবিতান, রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে মানুষ এবং যানবাহনের ভিড় থাকে। তাই সুষ্ঠুভাবে মানুষের কেনাকাটা ও বাড়িফেরা নিশ্চিত করতে প্রথম ধাপের নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। ঈদের দিনের জন্য নেওয়া হয়েছে দ্বিতীয় ধাপের নিরাপত্তাপ্রস্তুতি। ঈদের সময় নগরের বাসিন্দাদের বড় একটা অংশ গ্রামে চলে যায়। তাই ঈদের পর খালি বাসাবাড়ির নিরাপত্তা বিধান এবং এরপর ঢাকায় ফেরার সময় মানুষের নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলা ঠিক রাখতে নেওয়া হয়েছে তৃতীয় ধাপের প্রস্তুতি।ডিএমপির কর্মকর্তারা জানান, এ সময় রাজধানীর ২১টি পশুর হাটে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। নির্ধারিত স্থান ছাড়া গবাদিপশুর হাট বসতে দেওয়া হবে না। পশুর হাটে নির্বিঘ্নে পশু আনা-নেওয়ার জন্য ব্যবসায়ীদের সর্বাত্মক সহায়তা এবং ঈদের পর পশুর চামড়া বেচাকেনার হাটের নিরাপত্তায়ও বিভিন্ন প্রস্তুতি রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান। গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থলে পুলিশ এবং কমিউনিটি পুলিশের সমন্বয়ে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার পাশাপাশি ফুটপাত, রাস্তা, বিপণিবিতান ও দোকানের সামনের অবৈধ স্থাপনা এবং হকার, ফেলে রাখা নির্মাণসামগ্রী, গাড়ি, সাইনবোর্ড ইত্যাদিও উচ্ছেদ করা হবে। বিপণিবিতানগুলোতে নারীদের হয়রানি ও ইভ টিজিং প্রতিরোধ এবং চাঁদাবাজি-ছিনতাইরোধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। রেলস্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালে র‌্যাব ও পুলিশের সমন্বয়ে টার্মিনালকেন্দ্রিক বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে সূত্র জানিয়েছে। আইনশৃঙ্খলাজনিত যেকোনো সমস্যায় পুলিশের নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষের ফোন নম্বরগুলো হলো—৯৬৬৫৪০৭, ৮৬১৪৩০০, ৮৬১৬৫৫৩, ০১৭১৩৩৯৮৩১১, ০১১৯১০০১১২২, ০১১৯১০০১১৩৩ অথবা ডিএমপি ফোন নম্বর-৯৯৯।এ ছাড়া ঈদের ছুটির মধ্যে বাসাবাড়ি না পাল্টানোর জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছে পুলিশ। কারণ ঈদের ছুটিতে ফাঁকা বাসা পেয়ে ট্রাক বা ভ্যানে করে এমনভাবে চুরি করে দুর্বৃত্তরা, দেখলে মনে হবে বুঝি কেউ বাসা পাল্টাচ্ছে। এ সময় বড় অঙ্কের অর্থ লেনদেন বা বহনের জন্য পুলিশের সাহায্য নিতেও সবার প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশ কমিশনার বেনজির আহমদ।