ঈদে নৌপথে নিরাপদে যাত্রীসেবা নিশ্চিত করতে সদরঘাটে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে নয় দিন ছুটি থাকায় সদরঘাট টার্মিনালে যাত্রীদের বিড়ম্বনা কম হবে। তবে গুলিস্তান থেকে যাত্রীদের সদরঘাট আসার পথে যানজট নিরসন দরকার। রায়সাহেব বাজার এলাকা থেকে বাদামতলী এলাকা পর্যন্ত হকার উচ্ছেদও জরুরি।
ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা সদরঘাট টার্মিনাল মিলনায়তনে গতকাল রোববার দুপুরে আয়োজিত সভায় এই অভিমত জানানো হয়েছে। ‘সুষ্ঠু ও নিরাপদ নৌপরিবহন এবং যাত্রীসেবা নিশ্চিতকরণ’ বিষয়ে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই সভার আয়োজন করে।
সভায় বিআইডব্লিউটিএ কর্মকর্তা, ঢাকা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও লঞ্চ মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সভার সভাপতি ঊর্ধ্বতন নৌ কর্মকর্তা ভোলানাথ দে বলেন, নদীপথে যাত্রীসেবা নিশ্চিত করতে মনিটরিং সেল ও সমন্বয় কমিটির তৎপরতা জোরদার করতে হবে। এবার ঈদে ২৯ জুন থেকে চাঁদপুরগামী যাত্রীরা লালকুঠি ঘাট এলাকা থেকে যেতে পারবেন। এ বিষয়ে পন্টুন স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করতে দেওয়া হবে না। লঞ্চে জীবন রক্ষাকারী পর্যাপ্ত সরঞ্জামও রাখতে হবে।
লঞ্চমালিকদের সমিতি অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার চেয়ারম্যান মাহবুবউদ্দিন আহমেদ বলেন, নয় দিন ছুটি হওয়ায় এবার সদরঘাটে ভিড় হবে কম, এমন আশা করা যায়। পন্টুনে লঞ্চ ভেড়ানোর সময় যেন ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা না ঘটে, সে জন্য সময়মতো লঞ্চ টার্মিনালে ভেড়ানো ও সময়মতো লঞ্চ ছেড়ে দিতে হবে।
সভায় বিভিন্ন বক্তা আরও বলেন, মাঝনদীতে লঞ্চে যাত্রী ওঠানো-নামানো বন্ধ করতে হবে।