ঈদে নৌ-নিরাপত্তা দিতে দিনের বেলায় লঞ্চ চালুর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে নৌপথে যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য দিনের বেলায় লঞ্চ চালু, লঞ্চের রোটেশন পদ্ধতি বাতিল করে পর্যাপ্তসংখ্যক লঞ্চের ব্যবস্থা এবং লঞ্চে ওঠার আগেই টিকিট কাটার ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়েছে। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও জন উদ্যোগের যৌথ আয়োজনে এক গোলটেবিল বৈঠক থেকে এসব সুপারিশ করা হয়েছে। বৈঠকে বলা হয়, এই মৌসুমে নদীর পানি সর্বোচ্চ সীমায় থাকবে এবং স্রোতের তীব্রতায় উত্তাল নৌপথে বহু ঘূর্ণাবর্ত ও মৌসুমি বায়ুর প্রবল চাপে নৌ-যোগাযোগ ঝুঁকিপূর্ণ হবে। ঈদে নৌ-দুর্ঘটনা এড়াতে দিনের বেলা লঞ্চ চালু করা উচিত। বৈঠকে উপস্থিত নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, এবারের ঈদে প্রায় ৩০ লাখ যাত্রীর নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, বিশ্বব্যাংকের নীতির কারণে সড়কপথের গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি করে নৌপরিবহন খাতে বরাদ্দ কমানো হয়েছে। এ খাতে বরাদ্দ বাড়িয়ে এসব সমস্যার সমাধান করতে হবে।বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. শামসুদ্দোহা খোন্দকার, বিআইডব্লিউটিএর সাবেক সচিব সৈয়দ মনোয়ার হোসেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মজিবর রহমান, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান, নৌযান শ্রমিক ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. শাহ আলম, জন উদ্যোগের সদস্যসচিব সামসুল আলম প্রমুখ বক্তব্য দেন। পবার চেয়ারম্যান আবু নাসের খান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক থেকে জানানো হয়, বিভিন্ন উৎসবের সময় সরকারের যাত্রী পরিবহন পরিস্থিতি পর্যবেক্ষণ কেবল ঢাকা অঞ্চলে সীমাবদ্ধ থাকে। হাওর এলাকায় কোনো পর্যবেক্ষণ হয় না। আসন্ন ঈদের সময় অতিরিক্ত পরিবহনের চাহিদা পূরণে সরকারি ও বেসরকারি উদ্যোগ, দুর্যোগপ্রবণ আবহাওয়ার মধ্যে নৌ-নিরাপত্তার নিশ্চয়তা জোরদার করা দরকার। বৈঠক থেকে আরও কিছু সুপারিশ উপস্থাপন করা হয়। এগুলোর মধ্যে রয়েছে: উৎসবের সময় যাত্রী পরিবহন ব্যবস্থা সমন্বিত করা, বিআইডব্লিউটিসিকে আরও শক্তিশালী করা এবং সরকারি খাতে যাত্রীবাহী নৌযান সংগ্রহ করা, ঈদের লঞ্চ ভাড়া স্বাভাবিক সময়ের সঙ্গে সংগতিপূর্ণ করা, লঞ্চের ফিটনেস নিশ্চিত করা, জীবন রক্ষাকারী জ্যাকেট ও বয়া পর্যাপ্ত রাখা, লঞ্চের পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা ইত্যাদি।