ঈদে বিক্রি ৩০০ কোটি টাকা

ঈদ সামনে রেখে জিনস প্যান্ট বিক্রির ধুম পড়েছে কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লিতে। দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর, চর কালীগঞ্জ, খেজুরবাগ ও চুনকুটিয়া এলাকার প্রায় সাত হাজার ছোট-বড় কারখানায় তৈরি হচ্ছে এসব জিনস প্যান্ট। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রায় ৩০০ কোটি টাকার জিনস প্যান্ট বিক্রি হবে এবারের ঈদে।
কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লির তৈরি জিনস প্যান্ট বিক্রি হয় ঢাকাসহ সারা দেশের অভিজাত মার্কেট, সুপার মার্কেট, শপিংমল ও ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে। পাইকারিতে এসব প্যান্ট এখানে বিক্রি হয়। প্যান্টের দাম ১৪০ থেকে শুরু করে ৭৫০ টাকা।
গত বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লি পূর্ব আগানগর ও চর কালীগঞ্জ এলাকায় গিয়ে দেখা গেছে, জিনস প্যান্টের পাইকারি বাজারগুলোতে পাইকারদের প্রচণ্ড ভিড়। শোরুম ও দোকানগুলোতে মালিক ও কর্মচারীরা বেচাকেনায় ব্যস্ত। পূর্ব আগানগর জেলা পরিষদ মার্কেটের তোফা প্যান্ট ফেয়ারের মালিক আলম শেখ জানান, ‘শবে বরাতের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে তৈরি পোশাকের পাইকারেরা আসতে শুরু করেছেন। তৈরি পোশাক ও জিনস প্যান্ট বেচাকেনার এখন শেষ মুহূর্ত। আমাদের দম ফেলার সময় নেই।’ ব্যবসায়ীরা জানান, রমজানের তিন মাস আগে থেকে এখানকার গার্মেন্টস পল্লির প্রায় সাত হাজার ছোট-বড় কারখানায় জিনস প্যান্ট তৈরি শুরু হয়। রমজান মাসব্যাপী চলে কেনাবেচা।
বরগুনা সদর উপজেলা থেকে আসা পাইকারি ক্রেতা ফরাসউদ্দিন গাজী বলেন, ‘প্রতিবছর ঈদ ও পূজা মৌসুমে কেরানীগঞ্জের এই গার্মেন্টস পল্লিতে তৈরি পোশাক কিনতে আসি। সব বয়সীদের জন্য এখানকার তৈরি জিনস প্যান্ট খুব কম দামে পাওয়া যায়। ফলে অন্য কোথাও যেতে হয় না। এবার শবে বরাতের পর দুবার মাল নিতে এসেছি।’
যশোরের মাগুরা থেকে আসা হেলালউদ্দিন জানান, নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের মধ্যে কেরানীগঞ্জের জিনস প্যান্টের চাহিদা প্রচুর। অনেক কম দামে এখানে তৈরি জিনস প্যান্ট পাওয়া যায়। আমরা সারা বছর এখান থেকেই পাইকারিতে কিনে এলাকায় খুচরা বিক্রি করি। এবার ঈদ উপলক্ষে এখান থেকে প্যান্ট পাইকারি নিয়ে যশোর শহরে বিভিন্ন মার্কেটে বিক্রি করছি।’
অ্যাঞ্জেল ফ্যাশনের মালিক শাকিল আহমেদ জানান, বিশ্বের নামীদামি সব ব্র্যান্ডের আদলে এখানে জিনস প্যান্ট তৈরি হয়। গুণে-মানেও উন্নত। কিন্তু দাম অনেক কম। ছোট ও বড়দের জিনসের দাম শুরু ১৪০ টাকা থেকে। তরুণদের জন্য ৪৫০ থেকে ৭৫০ টাকার জিনসই বেশি চলে। তবে ২ থেকে সাড়ে ৩ হাজার টাকা দামের প্যান্টও তৈরি হয় এখানে। এসব প্যান্ট হুবহু বিশ্বের নামী ব্র্যান্ডের মতো।
এ প্রসঙ্গে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সাবেক সহসভাপতি আমান উল্লাহ বলেন, দেশের প্রায় ৭০ ভাগ জিনস প্যান্টের চাহিদা পূরণ করছে কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লি। এখানকার তৈরি প্যান্টগুলো রাজধানীসহ সারা দেশের শহরের অভিজাত বিপণিবিতান ও মার্কেটগুলোতে বিক্রি হচ্ছে। জিনস প্যান্ট এখন আর বিদেশ থেকে তেমন আমদানি হয় না। এসব প্যান্টই বিদেশি বলে খুচরা বিক্রেতারা বিক্রি করে থাকেন। এবার ঈদ মৌসুমে ৩০০ কোটি টাকার জিনস প্যান্ট বিক্রি হবে বলে তিনি জানান। গত বছরের চেয়ে এ বছর ব্যবসায় ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।