ঈদেও ঢাকায় গ্যাস পানির সংকট!
রাজধানী ঢাকায় এবার ঈদের সময়ও গ্যাস ও পানির সংকট থাকতে পারে। ঈদকেন্দ্রিক লম্বা ছুটিতে রাজধানীর লোকসংখ্যা সর্বনিম্ন পর্যায়ে থাকলেও এই সংকটের আশঙ্কা করছেন গ্রাহকেরা। সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকেও সংকট না থাকার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত তিন-চার দিনে ঢাকা থেকে অসংখ্য মানুষ চলে গেছে দেশের বিভিন্ন স্থানে নিজের বা আত্মীয়স্বজনের বাড়ি। কিন্তু পানি ও গ্যাসের সংকট চলছেই। দু-একটি নতুন এলাকায় এই সংকট দেখা দেওয়ারও খবর পাওয়া গেছে।নগরের মুগদাপাড়া, বাসাবো, লালবাগ-পোস্তা, তেজগাঁওয়ের তেজতুরিবাজার, মোহাম্মদপুরের শেখেরটেক প্রভৃতি এলাকায় গ্যাসের সংকট আগে থেকেই ছিল। এখনো তা অব্যাহত আছে। দুই দিন ধরে নগরের ফার্মগেটসংলগ্ন রাজাবাজার এলাকায় নতুন করে গ্যাসের সংকট দেখা দিয়েছে।ওই এলাকার একাধিক গ্রাহক টেলিফোনে প্রথম আলোকে বলেন, হঠাৎ করেই গত শুক্রবার থেকে রাজাবাজার এলাকায় বেলা নয়টার পর থেকে গ্যাসের চাপ কমতে থাকে। ঘণ্টা খানেকের মধ্যেই পুরো এলাকায় রান্নার চুলা গ্যাসশূন্য হয়ে পড়ে। রান্না করার মতো গ্যাসের চাপ ফিরে আসে সন্ধ্যায়। গত শনি ও রোববারও একই অবস্থা চলেছে।এলাকাবাসী জানান, কর্তৃপক্ষের অভিযোগ, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুনির্দিষ্ট কারণ জানা যাচ্ছে না। সমস্যার সমাধানও হচ্ছে না। মিরপুর ৬ নম্বর সেকশনের বি ব্লকের ১ নম্বর রাস্তাসহ কয়েকটি এলাকায় রমজানজুড়ে পানির সংকট রয়েছে। রমজান মাস শুরুর আগে ওয়াসার লাইনে যেভাবে পানি পাওয়া যেত, গতকাল পর্যন্ত তা পাওয়া যায়নি বলে এলাকার একাধিক বাসিন্দা জানিয়েছেন।ঈদ উপলক্ষে আজ সোমবার ও কাল মঙ্গলবার আরও অনেক লোক ঢাকা ছাড়বে। এ সময় ঢাকার লোকসংখ্যা বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসবে। তার পরও গ্যাস ও পানির সংকট দূর হওয়ার কোনো নিশ্চয়তা নেই।সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানায়, রমজান মাসে সিএনজি স্টেশনগুলো দুই ঘণ্টা বেশি (বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত) বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আজ সোমবার থেকে উঠে যাচ্ছে। অর্থাৎ, সিএনজি স্টেশনগুলো আজ থেকে দুই ঘণ্টা বেশি খোলা থাকবে। ঈদের সময় সিএনজির চাহিদাও থাকবে যথেষ্ট, বিশেষ করে ব্যক্তিগত গাড়িতে। ফলে বাসাবাড়িতে চুলায় গ্যাসের সমস্যা অব্যাহত থাকবে।বিভিন্ন এলাকার গ্রাহকেরা বলেন, ঈদের সময় পানির সংকট অব্যাহত থাকার কোনো যৌক্তিক কারণ খুঁজে পাওয়া না গেলেও সংকট চলছে এবং চলতে থাকবে বলেই তাঁদের ধারণা। কয়েকটি এলাকায় গত বছর ঈদের সময়ও পানির সংকট ছিল।