ঈদের আগেই বকেয়া পরিশোধের দাবি গার্মেন্টস শ্রমিকদের
ঈদের আগেই পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের সব বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের জন্য সরকার ও মালিকপক্ষের কাছে আহ্বান জানিয়েছে গার্মেন্ট শ্রমিকদের সংগঠন গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চ। একই সঙ্গে ন্যায়সংগত সংগ্রামে শ্রমিকদেরও ঐক্যবদ্ধ থাকতে বলেছে এই মঞ্চ।গতকাল সোমবার শহীদ আসাদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মঞ্চের প্রতিনিধিরা এই আহ্বান জানান। সম্মেলনে বকেয়া বেতন-ভাতা পরিশোধের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে মালিক ও শ্রমিকদের প্রয়োজনে সরকারের সঙ্গে আলোচনায় বসারও পরামর্শ দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আবদুল ওয়াহেদ। এতে উপস্থিত ছিলেন আবুল হোসাইন, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, তপন সাহা, সুইটি আক্তার প্রমুখ।সংবাদ সম্মেলনে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিবারের মতো এবারও ঈদের আগে এ শিল্পে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে নানা কর্মসূচি পালন করছেন। এই অবস্থায় বিদেশি ক্রেতা-বিক্রেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।