ঈদের গানের বাজারেও হুমায়ূন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অডিও অ্যালবাম আর ছোট পর্দার নানা অনুষ্ঠান নিয়ে কণ্ঠশিল্পীদের অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন। ঈদ উপলক্ষে নতুন গানের অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিয়েছেন অনেক শিল্পী। এবার বেশ কয়েকজন তারকাশিল্পীর একক অ্যালবাম রয়েছে প্রকাশের তালিকায়। রয়েছে অভিনয়শিল্পীর গাওয়া একক ও একাধিক শিল্পীর গাওয়া মিশ্র অ্যালবাম। নিজস্ব ওয়েবসাইটে নতুন গানের অ্যালবাম প্রকাশের ঘটনা ঘটেছে এবার। সব ছাড়িয়ে হুমায়ূন আহমেদের লেখা তাঁর নাটকের ও চলচ্চিত্রের গানের অ্যালবামগুলো বেশ সাড়া ফেলেছে বাজারে। প্রসঙ্গত, সারা বছর যে কটি নতুন অ্যালবাম বাজারে আসে, তার ৮০ ভাগই আসে ঈদে। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল সাবিনা ইয়াসমীনের গাওয়া নতুন একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম বাজারে আসছে। তাঁর ভক্তদের জন্য সুখবর হলো ইমপ্রেস অডিওভিশনের ব্যানারে সেই অ্যালবামটি ঈদের পরই অ্যালবামটি বাজারে আসছে।চার বছর পর এবার ঈদ উপলক্ষে বাপ্পা মজুমদার প্রকাশ করেছেন নিজের নবম একক অ্যালবাম বেঁচে থাক সবুজ। একটি রবীন্দ্রসংগীতের পাশাপাশি এতে ১১টি মৌলিক গান রয়েছে।ঈদ অ্যালবামের তালিকায় রয়েছে এস ডি রুবেলের নতুন একক চান্নি পসর। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে একটি গান রয়েছে এ অ্যালবামে। সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই। রোজার শুরুতেই বেরিয়েছে হায়দার হোসেনের পঞ্চম একক কাওয়ালি। এটাই তাঁর গাওয়া প্রথম কাওয়ালি গানের অ্যালবাম। গানগুলোর সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই। লীনা তাপসী খান ও ওয়াসিউন খানের কণ্ঠে নজরুলের গান ও ভক্তিগীতি নিয়ে অ্যালবাম রোজার শেষে রয়েছে ঈদ অ্যালবামের তালিকায়।এদিকে হুমায়ূন আহমেদের সর্বশেষ চলচ্চিত্র ঘেটু পুত্র কমলার অডিও অ্যালবাম বাজারে চলে এসেছে এরই মধ্যে। এতে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু, এস আই টুটুল, শফি মণ্ডল ও প্রান্তি। সংগীত পরিচালনা করেছেন মকসুদ জামিল। প্রযোজনা প্রতিষ্ঠান জিসিরিজ এবং সংগীতা থেকে বাজারে এসেছে হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ও নাটকে ব্যবহূত বেশ কিছু গান নিয়ে একাধিক অ্যালবাম। রাজধানীর মৌচাক মার্কেটের সিডি নেটের ব্যবস্থাপক গত বুধবার প্রথম আলোকে জানান, বাজারে এসব অ্যালবামের চাহিদা এখন পর্যন্ত সবচেয়ে বেশি। জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদের কথা ও সুরে ঈদে মিশ্র অ্যালবামের তালিকায় এবার গুরুত্ব পাচ্ছে অপরাজিতা শিরোনামের একটি অ্যালবাম। এতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, তাহসান, তপু, ন্যান্সি, এলিটা, মাহাদী, পলাশ, পারভেজ ও এহসান রাহী। রয়েছে মিশ্র অ্যালবাম পরস্পর-২। এতে গেয়েছেন বাংলাদেশের কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী এবং ভারতের জাভেদ আলী ও সনু নিগম। অভিনেত্রী তারিনের প্রথম একক অ্যালবাম আকাশ দেব কাকে রয়েছে ঈদ অ্যালবামের তালিকায়। বেরোচ্ছে নিজের সুর ও সংগীতে সুমন কল্যাণের নাগরিক আকাশ। নিজস্ব ওয়েবসাইট-এ মুক্তি পাচ্ছে প্রমিথিউসের নতুন অ্যালবাম আমাদের পথ। এতে বিপ্লবের সুরে ১০টি গান থাকবে। ক্লোজআপ ওয়ানখ্যাত লিজার প্রথম একক লিজা পার্ট-১ ইতিমধ্যে বাজারে ছাড়া হয়েছে। বাজারে আরও আসছে আরফিন রুমির সংগীতে কাজী শুভর দ্বিতীয় একক সাদামাটা-২। খুদে গানরাজ ঝুমার একক অ্যালবাম ঝুম-১। শহীদ, আইয়ূব শাহরিয়ার, সাব্বির, রাশেদ প্রমুখের গান নিয়ে একজীবন-টু। আসিফ ইকবালের কথা ও সুরে দুটি মিক্সড অ্যালবাম।