ঈদের ছুটি শেষে জীবন থেকেই ছুটি হলো স্কুলছাত্রী মীমের
রাজধানীর যাত্রাবাড়ীতে গত সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় মীম আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। আহত হয়েছেন তার মা পারভীন বেগমসহ সাতজন। মীম বাড্ডার একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। ঈদের ছুটি শেষে চাঁদপুর থেকে ঢাকায় ফেরার পথে তার জীবন থেকেই ছুটি হয়ে গেল। সূত্র জানায়, আহত ও নিহতেরা একে অপরের আত্মীয়। মা পারভীনসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপের চালক মো. জুয়েলসহ বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামসুদ্দিন বলেন, সোমবার রাত আড়াইটার দিকে চাঁদপুরের মতলব থেকে আসা যাত্রীবাহী একটি পিক আপ যাত্রাবাড়ীর রায়েরবাগ সেতুর পশ্চিম সড়কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপে থাকা মীম ও তার মাসহ সাত যাত্রী আহত হয়। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে তিনটার দিকে সে মারা যায়। মীমের মা পারভীন, খালা খাদিজা বেগম ও খালাতো বোন মোছাম্মৎ ইসনিহা হাসপাতালে ভর্তি আছেন। এসআই বলেন, চালক ও নিহত-আহতেরা একে অপরের আত্মীয়। থাকেন উত্তর বাড্ডা এলাকার বিভিন্ন বাসায়। পিকআপটি তাঁদের নিজেদের। তাঁদের কয়েকজন পোশাক কারখানার কর্মী। ঈদের ছুটি শেষে চাঁদপুর থেকে তাঁরা বাড্ডা যাচ্ছিলেন। ওই পিকআপে নয়-দশজন যাত্রী ছিল। হাসপাতালে ভর্তি আহতেরা সাংবাদিকদের বলেন, ঈদের দুই দিন আগে তাঁরা চাঁদপুরে ঈদ করতে গিয়েছিলেন। ঈদ শেষে সোমবার ফিরছিলেন তাঁরা। পুলিশ জানায়, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মীমের লাশ তার পরিবারের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার ভোরে ময়লাবাহী ট্রাকের চাপায় এক অজ্ঞাতনামা নারী (২২) মারা গেছেন। পুলিশ রাজধানীর গোপীবাগ এলাকার ফুটপাত থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।ট্রেনে কাটা লাশ উদ্ধার: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার বিকেলে উত্তরার কাওলা ও বনরূপার মাঝামাঝি এলাকার রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাতনামা (২৪) যুবকের ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরনে হাফ হাতা শার্ট ও জিনস প্যান্ট ছিল। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।