ঈদের ছুটিতে জরুরি সেবায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তুতি
ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুতি নিয়েছে রাজধানীর হাসপাতালগুলো। দমকল বাহিনী, ঢাকা ওয়াসা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও সাধারণ মানুষকে প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে। এ ছাড়া এবার ঈদে পশু কোরবানির পর বর্জ্য-ব্যবস্থাপনায় ঢাকা সিটি করপোরেশন সহযোগিতা করবে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: প্রতিষ্ঠানের পরিচালক মো. শহিদুল হক মল্লিক জানান, শুধু ঈদের দিন হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকবে, তবে খোলা থাকবে জরুরি বিভাগ। আবাসিক চিকিৎসকসহ যেসব চিকিৎসক ঢাকায় থাকছেন, তাঁরা হাসপাতালের কাজ তদারক করবেন। পাশাপাশি যেকোনো প্রয়োজন মেটাতে জরুরি দল গঠন করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র্যাব নগরবাসীকে যেকোনো জরুরি প্রয়োজনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। ডিএমপির সেবা পেতে ০১৭১৩৩৯৮৩২৫, ০১৭১৩৩৯৮৩২৬, ০১৭১৩৩৯৮৩২৭, ০১৭১৩৩৯৮৩২৮, ০১৭১৩৩৯৮৩২৯ এবং র্যাবের সহযোগিতা পেতে ০১৬৭৮০২০০৬৪, ০১৭১৩৪৪৪৩৩৩ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।পঙ্গু হাসপাতাল: ঈদের ছুটিতে বহির্বিভাগ বন্ধ থাকলেও খোলা থাকবে পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগ।শিশু হাসপাতাল: ঈদের আগের দিন ও ঈদের দিন বন্ধ থাকছে শিশু হাসপাতালের বহির্বিভাগ। তবে ঈদের পরদিন থেকে চলবে স্বাভাবিক কার্যক্রম। এ ছাড়া জরুরি বিভাগে ২৪ ঘণ্টা সেবা পাওয়া যাবে।জাতীয় হূদরোগ ইনস্টিটিউট: ইনস্টিটিউটের পরিচালক আবুল হোসেন খান চৌধুরী জানান, বহির্বিভাগ শুধু ঈদের দিন বন্ধ থাকবে। কিন্তু জরুরি বিভাগ খোলা থাকবে, প্রয়োজনে রোগী ভর্তি করার ব্যবস্থাও থাকছে।ঢাকা সিটি করপোরেশন: কোরবানির পশু জবাইয়ের পর ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে ঢাকা সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসগুলো প্রস্তুতি নিয়েছে। ফায়ার সার্ভিস: সারা দেশের কোথাও লঞ্চ দুর্ঘটনা ঘটলে উদ্ধার অভিযানে অংশ নিতে প্রস্তুত থাকছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। মোবিলাইজিং অফিসার নিলুফার ইয়াসমীন জানান, প্রতিটি ফায়ার স্টেশনে দমকল বাহিনীর কর্মীরা থাকবেন। যেকোনো প্রয়োজনে ০২-৯৫৫৫৫৫৫, ৯৫৫৬৬৬৬, ১৯৯ ও ০১৭১৩০৩৮১৮১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।ঢাকা ওয়াসা: রাজধানীর কোথাও পানির সংকট দেখা দিলে ওয়াসার সিস্টেম অপারেশন অ্যান্ড কন্ট্রোল বিভাগের ০২-৯৩৫৮১৯২ নাম্বারে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ।