ঈদের জামাতে নির্দিষ্ট স্থানে গাড়ি রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের সময় যান চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো ও মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য গাড়ি রাখার স্থান নির্দিষ্ট করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। জাতীয় ঈদগাহে এবার পাঁচ হাজার নারীসহ এক লাখ ২৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে।গতকাল বুধবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের জামাতে যাঁরা গাড়ি নিয়ে আসবেন, তাঁদের সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঈদগাহ ময়দানের আশপাশের নির্দিষ্ট স্থানে গাড়ি রাখতে হবে।জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ওই জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মুসল্লিরা এতে অংশ নেবেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদগাহ ময়দানের ভিভিআইপি গেটের উত্তর পাশে থাকবে রাষ্ট্রপতির গাড়িবহর, প্রধান গেটের উত্তর-পশ্চিম দিকে মন্ত্রিপরিষদের সদস্যসহ ভিআইপি ব্যক্তিদের গাড়ি, সুপ্রিম কোর্টের ভেতরে দক্ষিণ-পশ্চিম কর্নারে (মাজারসংলগ্ন উত্তর পাশে) বিচারপতিদের গাড়ি, পূর্ত ভবনের আঙিনায় সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের গাড়ি, জিরো পয়েন্ট ও মুক্তাঙ্গনের উভয় পাশে, দোয়েল চত্বরের দক্ষিণ-পশ্চিম-উত্তর পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে বঙ্গবাজার হকার্স মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশে, মৎস্য ভবন ক্রসিংয়ের পূর্বদিকে কার্পেট গলি রোড ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশে সাধারণ মানুষের গাড়ি রাখতে হবে।এ ছাড়া ঈদগাহ ময়দানের আশপাশে নির্ধারিত পার্কিংয়ে শুধু ভিভিআইপি ও ভিআইপি ব্যক্তিদের গাড়ি মৎস্য ভবন হয়ে প্রবেশ করবে। অন্যদের গাড়ি ও বাণিজ্যিক যানবাহনগুলো সরকারি কর্মচারী হাসপাতালের মোড়-প্রেসক্লাব লিংক রোড-পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি-সাব কন্ট্রোলরুম গ্যাপ-ইউবিএল ক্রসিং-দোয়েল চত্বর ক্রসিং-মৎস্য ভবন ক্রসিংয়ে স্থাপিত ব্যারিকেডের বাইরে পার্ক ও চলাচল করবে।