ঈদুল ফিতর সামনে রেখে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের জন্য জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হচ্ছে। মাঠে ত্রিপলসহ শামিয়ানার ব্যবস্থা, পয়োনিষ্কাশন-ব্যবস্থা, মাঠ সমান করার কাজ, ওজু ও বাথরুম-সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগ, ঢাকা সিটি করপোরেশন, গণপূর্ত অধিদপ্তর, স্বরাষ্ট্র ও ধর্মসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো সমন্বিতভাবে জাতীয় ঈদগাহে সুষ্ঠুভাবে জামাত আদায় ও নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।এবার জাতীয় ঈদগাহসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঈদের জামাতের ব্যবস্থা করেছে ঢাকা সিটি করপোরেশন। জাতীয় ঈদগাহে পাঁচ হাজার মহিলাসহ এক লাখ ২৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের নামাজ আদায়ের জন্য দুই লাখ ৫৭ হাজার বর্গফুট বৃষ্টি-প্রতিরোধক ত্রিপলসহ শামিয়ানা, প্রায় আড়াই লাখ বর্গফুট বসার জায়গা, মোবাইল টয়লেট ও পর্যাপ্ত লোকের একত্রে ওজু করার ব্যবস্থা রয়েছে।জানা যায়, গণপূর্ত অধিদপ্তর এক কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ঈদগাহ ময়দানে পয়োনিষ্কাশন-ব্যবস্থা, পাইপলাইন, বালু দিয়ে ময়দান ভরাট, মাঠ সমান করার কাজ ও পয়োনালাসহ আনুষঙ্গিক কাজ করছে। এ ছাড়া ডিসিসি ৩৬ লাখ টাকা ব্যয়ে মুসল্লিদের নামাজের বিছানা, ত্রিপলসহ শামিয়ানার ব্যবস্থা করেছে।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, প্রচণ্ড ঝড়বৃষ্টি হলেও মুসল্লিদের নামাজে যেন ব্যাঘাত না হয় এবং কেউ যেন কোনো দুর্ভোগ বা নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।এ সময় ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী আবদুল কাদের, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. ইয়ামিন ও প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।