
সাধারণত তিন ধাপে ঈদের বেচাকেনা হয় পুরান ঢাকার চকবাজারে। প্রথম দফা বেচাকেনা হয়ে গেছে শবে বরাতের দু-এক দিন আগে। প্রথম চালানটি চলে যায় দেশের বিভিন্ন এলাকায়। দ্বিতীয় চালানটি যায় রোজার প্রথম দু-তিন দিনের মধ্যে। শেষ দফা বেচাকেনা হয় ১০ থেকে ১৫ রোজার মধ্যে। ব্যবসায়ীরা জানান, এখানকার পাইকারি ব্যবসার পরিকল্পনা ও প্রস্তুতি দুই মাস আগে থেকে শুরু হয়।
শনিবার বেলা ১১টা। মোটরবাইকে আরমানিটোলা স্কুলের সামনে থেকে বেচারাম দেউড়ির রাস্তা ধরে চকবাজার পৌঁছতে সময় লাগল পাক্কা এক ঘণ্টা! স্বাভাবিক সময় যানজট না থাকলে এখানে সময় লাগার কথা বড়জোর ১০ মিনিট।
দুপুর সোয়া ১২টায় চকের মোড়ে অসংখ্য মানুষ। ছোট-বড় ভ্যানে মালামাল ওঠানো হচ্ছে। কারও যেন কথা বলার এতটুকু ফুরসত নেই। দোকানে ক্রেতার ভীষণ ভিড়। পাইকারি বাজার তাই দর-কষাকষির সুযোগ নেই, শুধু চাহিদামতো মালের নাম আর পরিমাণ বলাই কাজ। বাকি কাজটা করে থাকেন শ্রমিকেরাই।
শুধু চকবাজার নয়, আশপাশের মৌলভীবাজার, বেগমবাজার, মাওলানা মুফতি দীন মোহাম্মদ রোড (উর্দু রোড) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি মালামাল যায়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, খাবার থেকে শুরু করে ছোট-বড় সব বয়সীর জামাকাপড়, অলংকার, ভোজ্যতেলসহ দেশি-বিদেশি প্রসাধনীর প্রধান পাইকারি বাজার এখানে। পাইকারি মার্কেটের মধ্যে সিটি করপোরেশনের সুপার মার্কেট ছাড়াও বড় পরিসরে আছে ফেন্সি মার্কেট, বশির মার্কেট, মক্কা টাওয়ার, সুলতান ম্যানসন, মদিনা আশিক টাওয়ার, খান মার্কেট, এনায়েত করিম মার্কেট, লাট ম্যানসন, ভাই ভাই ম্যানসন, ফিরোজা মার্কেট, মেরাজ ম্যানসন, জুয়েল ম্যানসন, জুম্মন মার্কেট, হানিফ ম্যানসন, খান মার্কেট, হালিমা ম্যানসন, জরিনা ভবন, চাঁদ ম্যানসন, জাকারিয়া ম্যানসনসহ অনেক বহুতল সুপার মার্কেট গড়ে উঠেছে। এসব মার্কেটে উৎপাদক ও আমদানিকারকদের কয়েক হাজার পাইকারি দোকান আছে। যেখান থেকে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকার স্থানীয় পাইকারি ও খুচরা দোকানে মালামাল যায়।
গতকাল দুপুর থেকে এসব এলাকার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা মালামাল কেনায় ব্যস্ত। চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট মসজিদ মার্কেটের প্রেয়সী কসমেটিকসের মুরাদুল রুবেল এসেছিলেন তাঁর দোকানের প্রসাধনসামগ্রী কেনার জন্য। রুবেল বলেন, ‘বছরের অন্য সময়ে ফোনে অর্ডার দিয়ে মাল কিনি। কিন্তু ঈদের বাজারে নিজে না এসে মাল কেনা সম্ভব হয় না। কেননা বছরের এ সময়টাতে সবচেয়ে বেশি কাস্টমার থাকে এখানে।’ আর বিক্রেতা জানালেন, ঈদ সামনে রেখে খুচরা বিক্রেতাদের চাহিদাও হয় বিচিত্র। দোকানে কাস্টমারের চাহিদার সব মালামাল না থাকলে প্রতিযোগিতায় টিকে থাকা মুশকিল।
ভোলার চরফ্যাশন এলাকা থেকে এসেছিলেন পাইকারি ব্যবসায়ী লিটন। তিনি বলেন, ঈদ সামনে রেখে রোজার আগেই দুবার আসতে হয়েছে তাঁকে। রোজার এক সপ্তাহ গেলে আবার আসবেন। চট্টগ্রাম জুবলী রোডে হকার্স মার্কেটের মিনহাজ স্টোরের দোকানি জিয়াউদ্দিন ফরহাদ এসেছিলেন সকালে। জানালেন, সারা দিন মাল কিনে রাতের গাড়িতে আবার ফিরে যাবেন। হাতে সময় খুব কম।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ ক্রেতাই সকালের লঞ্চে কিংবা বাসে ঢাকায় নেমে সোজা চলে এসেছেন পুরান ঢাকার পাইকারি বাজারে। পণ্য পছন্দ করে প্রয়োজনমতো ফরমাশ দিয়ে চলে যান তাঁরা। এখানকার দোকানিরা অর্ডার মতো পণ্য ভ্রাম্যমাণ কুলি, মজদুরের সাহায্যে প্যাকেটজাত করে তা ভ্যানে উঠিয়ে পাঠিয়ে দেন দূরপাল্লার পণ্য পরিবহন (ট্রান্সপোর্ট) প্রতিষ্ঠানের কাছে। তারা পৌঁছে দেয় দেশের আনাচকানাচে।
‘আলহামদুলিল্লাহ ভাই, এবার শবে বরাতের আগেই বাজার জমে গেছে। দুই চালান শেষ। তিন নম্বর চালান যাওয়া শুরু হবে শিগগিরই। শেষের দিকে ঢাকার আশপাশের পাইকারি ব্যবসায়ীরা আসেন। সব মিলিয়ে ব্যবসাপাতি এবার ভালো।’ বলছিলেন বেগম বাজারের এনায়েত করিম মার্কেটের মালিক এনায়েত। তিনি জানান, তাঁদের মার্কেটে মূলত একবার ব্যবহার করা যায় (ডিসপোজিবল) এমন সামগ্রী যেমন খাবারের বাক্স, প্লেট, গ্লাস ইত্যাদি বিক্রি হয়। রমজানে ইফতার অনুষ্ঠানসহ নানা আয়োজনের কারণে এসব সামগ্রীর বেশি চাহিদা হয়। দুপুরে ভিড়ের মাঝে ব্যস্ত এ ব্যবসায়ী বলেন, ‘মানুষের কেনাকাটা করার অভ্যাস বদলে গেছে। অনেকে রোজার মধ্যে মার্কেটে যাওয়ার ঝামেলা এড়ানোর জন্য আগেভাগেই সেরে ফেলেন। যার প্রভাব পড়েছে আমাদের এখানেও।’
তবে মৌলভীবাজারের রহমান ম্যানসনের দোকান ‘আর রহমান’-এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম জানালেন, তাঁদের মার্কেটে এখন বেচাবিক্রি কিছুটা কম। দেশি-বিদেশি চকলেটসহ নানা রকমের প্যাকেটজাত খাবার পাইকারি বিক্রি করেন তাঁরা। ঈদ আসার ১০ দিন আগে থেকে এগুলোর বিক্রি শুরু হবে। এখন মূলত খেজুর, চিনি, ডাল ইত্যাদিই বেশি বিক্রি হচ্ছে।
তবে এই ব্যবসায়ীর একটা অভিযোগ হলো, সরু রাস্তার কারণে সারা বছরই ওই এলাকায় যানজট লেগে থাকে, যা ব্যবসার ওপর পরোক্ষভাবে হলেও প্রভাব পড়ে। দেশের অন্যতম বড় এই পাইকারি ব্যবসার কেন্দ্র রক্ষায় এ ব্যাপারে সরকারের কিছু করা উচিত বলে তাঁর মত।
সারা বছর যা বিক্রি হয়, তার চেয়ে বেশি বিক্রি হয় রমজানে—জানালেন উর্দু রোডের আরেকজন পোশাক প্রস্তুতকারক ‘রিফাত গার্মেন্টস’-এর মালিক মো. আলমগীর। সব কটি দোকানে এখন সপ্তাহের প্রায় সব দিন ভিড় থাকে। এসব ব্যবসায়ী জানালেন, এবার সিলেট অঞ্চল থেকে বন্যার কারণে মালের চাহিদা কিছুটা কম।
কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের পর ব্যবসায়ী আশা করেছিলেন পাইকারি ব্যবসার এই এলাকাটিতে যানজটের কষ্ট থেকে কিছুটা লাঘব হবে। কিন্তু যানজট কমেনি। এ কারণে এখানকার রাস্তাগুলোকে একমুখী এবং সড়কের যানবাহন ব্যবস্থাপনার জন্য পুলিশের পাশাপাশি অতিরিক্ত স্বেচ্ছাসেবী রেখেছে এখানকার ব্যবসায়ীদের সমিতিগুলো।