ঈদের পর আন্দোলনের কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, ‘এই কর্মসূচি তত দিন চলতে থাকবে, যত দিন পর্যন্ত জনগণ এই সরকারের হাত থেকে মুক্তি না পায়।’হরতাল পালন শেষে গতকাল রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হরতাল সফল করায় খালেদা জিয়ার পক্ষ থেকে তিনি দেশবাসীকে অভিনন্দন জানান।খোন্দকার দেলোয়ার বলেন, জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছিল অনেক আগেই। তবে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে সরকারের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেছে।বিএনপির মহাসচিব অভিযোগ করেন, হরতালের সময় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে সরকার তাঁর কদর্য রূপ আবারও প্রকাশ করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের মাঠে নামতে দেওয়া হয়নি। পুলিশ নেতা-কর্মীদের ওপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে সরকারদলীয় লোকজন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) খালেদা জিয়ার বাড়ি ছাড়ার বিষয় নিয়ে ক্রমাগত মিথ্যাচার করছে দাবি করে খোন্দকার দেলোয়ার বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের সঙ্গে আইএসপিআরের বক্তব্যের মিল রয়েছে। বিচারাধীন থাকা একটি মামলার রায় বাস্তবায়নের নামে সরকারের এই আচরণ জনগণ প্রত্যাখ্যান করেছে।বিএনপির মহাসচিবের মতে, জিয়া পরিবারকে ধ্বংস করতেই সরকার খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করেছে। তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে বাড়িটি ইজারা দিয়েছিল। কোন প্রক্রিয়ায় ইজারা দেওয়া হয়েছে, সেটা তাঁর জানার কথা নয়। কোনো সরকারই বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি। কিন্তু বর্তমান সরকার তাঁকে বাড়িছাড়া করেছে।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হরতালের সময় সারা দেশে শত শত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন কয়েক শ নেতা-কর্মী। এ ছাড়া যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান ও ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মিথ্যা মামলা করা হয়েছে।সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।