ঈদের পরদিনও বাড়ি ফেরার তাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের হেমায়েতপুরের একটি দরজির দোকান চালান মো. জিয়া। গ্রাহকদের পোশাক তৈরির কাজের চাপ থাকার কারণে ঈদের আগে বাড়িতে যেতে পারেননি। তাই ঈদের পরদিন তিনি গাবতলীতে আনন্দ পরিবহনে করে গ্রামের বাড়ি মাগুরা সদরে যাচ্ছেন বউ-ছেলে নিয়ে। জিয়া বলেন, ‘কী করব? ঈদের আগে যেতে পারলাম না, তাই ঈদের পরদিনই যাচ্ছি। ফিরব পাঁচ-ছয় দিন পর।’

সকালে গাবতলী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড়। ছবি : প্রথম আলো
সকালে গাবতলী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড়। ছবি : প্রথম আলো

জিয়ার মতো আরও অনেকে ঈদের পরদিন ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন বাসে করে। সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, কাউন্টারগুলোর সামনে ঘরমুখী মানুষের ভিড়। একই অবস্থা রাজধানীর আরেক ব্যস্ত বাস টার্মিনাল মহাখালীতেও।

গাবতলী থেকে উত্তরবঙ্গে চলাচল করে উত্তরণ কোস সার্ভিস। বাসটির ব্যবস্থাপক রথী দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘আমাদের দুটি বাস ঢাকা থেকে রংপুর-সৈয়দপুর গন্তব্যে চলাচল করে। দুটি বাসেই পূর্ণ যাত্রী ছিল। মানুষ আজও বাড়ি ফিরছেন।’

গাবতলী হানিফ পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক দুলাল ঘোষ বলেন, ঈদের পরদিনও যাত্রীর ভালো চাপ আছে, বিশেষ করে বগুড়া, নওগাঁ, দিনাজপুর, রংপুর এলাকার মানুষ বেশি যাচ্ছেন বাড়িতে।

কাজের চাপ থাকায় বাড়িতে যেতে পারেননি মো. সোহেলও। তিনি ইসলামপুরে একটি পোশাকের দোকানে কাজ করেন। বাড়ি নওগাঁর রানীনগরে। সোহেল বলেন, ‘কাজের চাপ ছিল আর মালিকের সঙ্গে হিসাব-নিকাশ ছিল, তাই ঈদে যাইতে পারিনি। এ কারণে আজকেই যাচ্ছি।’

সাতক্ষীরা গন্তব্যের বাস এন পি গোল্ডেন লাইন। বাসটির কাউন্টারের সামনে মানুষের ভিড়। সবাই বাড়ি ফেরার টিকিট কিনছেন। বাসটির গাবতলী কাউন্টারের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, ‘সকাল থেকে আমাদের ছয়টি বাস ঢাকা ছেড়ে গেছে। ৪০ সিটের বাসের প্রায় প্রতিটিই পূর্ণ ছিল।’ তিনি জানান, যেসব মানুষ ঈদের আগে যেতে পারেননি, তাঁরা আজ ফিরছেন। আজ রাত পর্যন্ত মানুষ ফিরবেন। আগামীকাল যাত্রীর চাপ বেশি থাকবে না বলে মনে করেন তিনি।

গাবতলী বাস টার্মিনালে বাসের জন্য মানুষের ভিড়। ছবি : প্রথম আলো
গাবতলী বাস টার্মিনালে বাসের জন্য মানুষের ভিড়। ছবি : প্রথম আলো

সরকারি চাকরি করেন পেশায় পশুচিকিৎসক হাবিবুর রহমান খান। তাঁর কর্মস্থল সিলেটে। পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকায় এসেছিলেন। আজ যাবেন নেত্রকোনার কেন্দুয়ায় গ্রামের বাড়িতে। সেখানে ছোট ভাই ও আত্মীয়-স্বজনদের সঙ্গে কয়েকটা দিন কাটাবেন। বাস ধরতে তাই এসেছেন মহাখালী বাস টার্মিনালে।

হাবিবুর রহমান খানের মতো এমন অনেকেই ঈদের পরদিন বাড়ি ফেরার পথ ধরেছেন। কেউ ঈদের আগের ভিড়ভাট্টায় চিড়েচ্যাপ্টা হতে চাননি। আবার অনেকে ঈদের আগের ব্যস্ততায় সময় বের করতে পারেননি। তাই ঈদের পরদিন এসেছেন বাস ধরতে।

মহাখালী বাস টার্মিনালের অন্তত ১০টি পরিবহন কোম্পানির টিকিট কাউন্টারে কথা বলে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে যাত্রীদের ভিড় ছিল বেশি। দুপুরের দিকে যাত্রী কিছুটা কমে আসে। তবে ঢাকা-ময়মনসিংহ রুটে যাত্রীর ভিড় ছিল বেশি। এ ছাড়া ঢাকা থেকে সিলেট, বগুড়া, নওগাঁ ও সিরাজগঞ্জের রুটেও যাত্রীর চাপ ছিল। বেশির ভাগ ক্ষেত্রেই ঢাকার বাইরে থেকে খুব কম যাত্রী নিয়ে বাস আসছে। আর ঢাকা ছাড়ছে তুলনামূলক বেশি যাত্রী নিয়ে।

মহাখালী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড়। ছবি : প্রথম আলো
মহাখালী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড়। ছবি : প্রথম আলো

ঢাকা-ময়মনসিংহ রোডে চলে এনা ট্রান্সপোর্ট (প্রা.) লিমিটেডের বাস। সকাল থেকেই এর টিকিট কাউন্টারে যাত্রীর চাপ বেশি। বিশ্রামকক্ষে বসে আছেন অনেক যাত্রী। এনা ট্রান্সপোর্টের ম্যানেজার আব্রাহাম উজ্জ্বল বলেন, যাওয়ার যাত্রী বেশি। ময়মনসিংহ থেকে গাড়ি আসছে জনা দশেক যাত্রী নিয়ে। ঢাকায় ফেরার মানুষ অনেক কম।

ঢাকা থেকে বগুড়া ও নওগাঁর উদ্দেশে বাস চালায় শাহ্‌ ফতেহ আলী পরিবহন। টিকিট কাউন্টারের মাস্টার মো. আমিনুল জানালেন, প্রায় খালি গাড়ি ঢাকায় ঢুকছে। আজকে দুপুর পর্যন্ত যাওয়ার টিকিট বেশি বিক্রি হয়েছে।

সিলেট ও সুনামগঞ্জ রোডে চলা বাসের টিকিট কাউন্টারে বেশ ভিড় লক্ষ করা গেছে। কথা হয় ফখরুল আজম নামের এক যাত্রীর সঙ্গে। ঈদের আগের ভিড়ে বাড়ি যেতে চাননি তিনি। তাই ঈদের পরদিন সুনামগঞ্জ যাচ্ছেন।

মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি মো. শওকত আলী বলেন, ঈদের পরদিন যাওয়ার যাত্রীই বেশি থাকে। ঢাকায় ফেরার চাপ এখনো তৈরি হয়নি। তবে আজ বিকেল থেকে ঢাকায় আসার যাত্রীর পরিমাণ বাড়বে বলে আশা করছেন তিনি।