ঈদের পাঁচ দিন পরও অনেক হাটে ময়লা আবর্জনা
কোরবানির ঈদের পাঁচ দিন পরও রাজধানীর কিছু স্থানে পশুর হাটের ময়লা আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় লোকজন। তবে অনেক স্থানে পশুর হাট পরিষ্কার করা হয়েছে।ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সূত্র জানায়, এ বছর বৈধ ও অবৈধ হাটের সংখ্যা ছিল বেশি। ফলে গত বছরের চেয়ে প্রায় ছয় হাজার টন বেশি বর্জ্য উৎপন্ন হওয়ায় পরিচ্ছন্নতা কাজে সমস্যা সৃষ্টি হয়েছে।গতকাল সোমবার আগারগাঁও বস্তি এলাকার এক হাটে দেখা যায়, পশুর হাটের খড়কুটো ও মলমূত্র পড়ে আছে। বস্তির খালি জায়গায় যত্রতত্র ময়লা আবর্জনা। জমে থাকা খড়কুটোয় স্থানীয় লোকজন আগুন ধরিয়ে দেয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের সামনের সড়কে, জাতীয় বেতার ভবনের সামনের সড়কেও মলমূত্র ও খড়কুটো পড়ে থাকতে দেখা গেছে।আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পাশের সড়কের পশ্চিম পাশে মাটি খোঁড়ার কাজ করছিলেন আলী হোসেন নামের এক বস্তিবাসী। তিনি জানান, ঈদের পর থেকে কেউ ময়লাগুলো নিতে আসেনি। তিনি নিজ উদ্যোগে মলমূত্রগুলো সড়কের পাশে জমা করে রেখেছেন। সবজি চাষ করার জন্য তিনি মাটি খুঁড়ছেন।আগারগাঁও বস্তির আরেক বাসিন্দা মালেকা খাতুন জানান, সড়কে পশুর মলমূত্র থাকায় অফিসের লোকজন এগুলোর ওপর দিয়েই যাতায়াত করছেন। গাড়ির চাকায় এসব ময়লা-আবর্জনা লেগে শহরময় ছড়াচ্ছে। পুরান ঢাকার রহমতগঞ্জ খেলার মাঠে গিয়ে দেখা যায়, মাঠের প্রবেশপথে ট্রাক থেকে গরু নামানোর সময় ব্যবহূত খড়কুটো এখনো স্তূপাকারে পড়ে আছে। স্থানীয় বাসিন্দা আছমা বেগম জানান, ঈদের আগে গরু নামানোর জন্য খড়ের স্তূপ করা হয়েছিল। ঈদ শেষ হলেও এগুলো কেউ সরাতে আসেনি।গতকাল দুপুরে পুরান ঢাকার ধোলাইখালে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মাঠে গিয়ে দেখা যায়, সড়কের ওপর পশুর মলমূত্র শুকিয়ে রয়েছে। সেখানে পানি ঢেলে ধোয়া হয়নি। স্থানীয় বাসিন্দা সজীব আহমেদ জানান, গতকাল সোমবার সকালে সিটি করপোরেশনের গাড়ি এসে ময়লা নিয়ে গেলেও অনেক স্থানে মলমূত্র ও খড়কুটো রয়ে গেছে।পুরান ঢাকার ইসলামপুর রোডের ইছামতি ঔষধালয়ের ব্যবসায়ী মহিউদ্দিন জানান, কোরবানির পশুর হাট ইসলামপুর রোডের কিছু অংশে ঢুকে পড়ে। ঈদের পর ময়লা আবর্জনাগুলো ভালোভাবে না নেওয়ায় তাঁদের ভোগান্তি হচ্ছে। ময়লা আবর্জনা থেকে ধুলোবালি উড়ছে। ফলে দোকানে বসে থাকা কঠিন হয়ে পড়েছে। গাড়ির চাকায় এসব ময়লা দোকানে আসছে। এতে অনেকেই হাঁচি ও কাশিতে আক্রান্ত হয়েছে বলে তিনি জানান।আরমানিটোলা মাঠের পূর্ব পাশের সড়ক ধোয়া হয়েছে। এ ছাড়া বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর দক্ষিণ পাশের রাস্তাও ধোয়া হয়েছে। তবে বাবুবাজার মাজার, মিটফোর্ড রোড, হাম্মাদিয়া স্কুলের গলি, নয়াবাজার ডিআইটি মার্কেটের পশ্চিম পাশের সড়ক, বাসডাসা লেন, বাবুবাজার নদীর ঘাট, আরমানিটোলা মাঠের পশ্চিম পাশের সড়ক এখনো ধোয়া হয়নি। বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর সংযোগ সড়ক ও বাবুবাজার মাজারের উত্তর দিকের ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়া হয়েছে।এ ব্যাপারে ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, এ বছর ইজারাকৃত হাটের সীমানা বেড়ে যায় এবং অবৈধ হাটের সংখ্যাও ছিল বিগত বছরের চেয়ে অনেক বেশি। প্রতিবছর বর্জ্যের পরিমাণ হয় প্রায় ১২ হাজার টন। কিন্তু এ বছর বর্জ্যের পরিমাণ ছিল প্রায় ১৮ হাজার টন। এ ছাড়া এ বছর কোরবানিও গত বছরের চেয়ে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার বেশি হয়েছে। ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে কিছুটা সমস্যা হয়েছে। ঈদের দিন থেকেই হাটের স্থানের ময়লা-আবর্জনার প্রায় ৮০ শতাংশ সরিয়ে ফেলা হয়। অবশিষ্টগুলো আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে।