ঈদের প্রধান জামাত সকাল সাড়ে আটটায়
ঢাকায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে এই জামাত হবে সকাল নয়টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।গতকাল বুধবার ধর্ম মন্ত্রণালয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন বিষয়ে এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তে বলা হয়, ঈদ উপলক্ষে অতীতের মতো এবারও সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন। ‘ঈদ মোবারক’ খচিত ব্যানার রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলোতে সজ্জিত করা হবে। ঈদের দিবাগত রাতে নির্দিষ্ট সরকারি ভবনে আলোকসজ্জা করা হবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠান প্রচার ও সংবাদপত্রে বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে। এ ছাড়া বিভিন্ন হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু পরিবারে ঈদের দিন উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রধানেরা জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি তৈরি করে ঈদ উদ্যাপনের ব্যবস্থা করবেন। ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকিটে ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন শিশুপার্ক ও জাদুঘরে প্রবেশের ব্যবস্থা করা হবে।