ঈদের বাজারে বিক্রেতাদের প্রস্তুতি শেষ, ক্রেতার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু থেকে বৃদ্ধ—ঈদের সকালে সবারই চাই নতুন পোশাক। আর এ চাহিদা সামনে রেখে প্রস্তুত নগরের ফ্যাশন হাউস ও বিপণিবিতানগুলো। ক্রেতাদের আকৃষ্ট করতে তাদের প্রচেষ্টার কমতি নেই।অন্যদিকে ক্রেতারাও ঈদের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এখনো ঈদের বাজার জমে ওঠেনি, তবে বিপণিবিতানগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে। অনেকে কেনাকাটাও শুরু করে দিয়েছেন।ঈদ যত ঘনিয়ে আসবে, রাজধানীতে ততই যানজট বাড়বে। এ বিষয়টি মাথায় রেখে অনেক ক্রেতাই আগেভাগে কেনাকাটা করার পক্ষে। গতকাল বুধবার র‌্যাংগস আনাম প্লাজা, অরচার্ড পয়েন্টে দেখা গেল স্কুল পোশাক পরা সন্তানের হাত ধরে মায়েরা কেনাকাটায় ব্যস্ত। ধানমন্ডি রবীন্দ্রসরোবরসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ হকারদের কাছ থেকেও প্রয়োজনীয় জিনিস কিনতে দেখা যায় অনেককে।গতকাল ধানমন্ডির র‌্যাংগস আনাম প্লাজা, অরচার্ড পয়েন্ট, নন্দন কুটির, বিবিয়ানাসহ বিভিন্ন বিপণিবিতান ও ফ্যাশন হাউসে দেখা গেল ক্রেতাদের ভিড়। তবে বিকিকিনি এখনো জমে ওঠেনি। অনেকে দেখছেন এবারের ঈদবাজারে কী কী আসছে।ফ্যাশন হাউস কে ক্রাফটের প্রধান নির্বাহী শাহ্নাজ খান প্রথম আলোকে বলেন, ঈদের সময় আবহাওয়া কেমন থাকবে, ফ্যাশন কোনটি চলবে, তাঁতিকে দিয়ে পণ্য তৈরি—সব মিলে এক ঈদ শেষ হলেই অন্য ঈদের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়। ক্রেতারাও অপেক্ষায় থাকেন নতুন কিছু পাওয়ার জন্য। তাঁদের ঈদের প্রস্তুতি শেষ জানিয়ে শাহ্নাজ খান আরও বলেন, কে ক্রাফটের শোরুমে ঈদের নতুন পণ্য রোজা শুরুর আগে থেকেই পাওয়া যায়। কেননা অনেক ক্রেতা রোজা রেখে কেনাকাটা করতে চান না। আর আগে থেকে পোশাকটি দেখলে ক্রেতাদের সিদ্ধান্ত নিতেও সুবিধা হয়।ফ্যাশন হাউস বাংলার মেলার ডিজাইনার এমদাদ হক প্রথম আলোকে বলেন, এবার ঈদে ফিরোজা ও নীলের মতো রংগুলো বেশি চলছে। কামিজ বা পাঞ্জাবির ঝুল লম্বা হলেও বেশির ভাগ ক্রেতা মাঝামাঝি ঝুলের কামিজ ও পাঞ্জাবি বেশি পছন্দ করছেন। শাড়ির ক্ষেত্রে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ কাপড়ের শাড়ি ও পাঞ্জাবির ক্ষেত্রে স্ট্রাইপ পাঞ্জাবির দিকে ক্রেতাদের বেশি ঝোঁক। তবে এবার ঈদের বাজারে ক্রেতাদের পকেট থেকে টাকা একটু বেশি খরচ করতে হবে বলেও উল্লেখ করেন এমদাদ হক।ফ্যাশন হাউস বিবিয়ানার একজন বিক্রেতা আরেফিন বলেন, ঈদের প্রস্তুতি শেষ। এখন প্রতিদিনই নতুন নতুন পণ্য আসতে থাকবে।ক্রেতাদের আকৃষ্ট করতে নগরের বিভিন্ন বিপণিবিতানে বিভিন্ন পণ্যে মূল্য ছাড়েরও হিড়িক লেগেছে। জর্জেট শাড়ি, সালোয়ার কামিজসহ বিভিন্ন পণ্যেই ৪০ শতাংশ থেকে শুরু আরও বেশি মূল্য ছাড়ের ঘোষণা ক্রেতাদের আকৃষ্ট করছে।