গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ছিল উৎসবমুখর। প্রাণের উচ্ছ্বাস আর সৌহার্দ্যের উষ্ণতার মেলবন্ধনে গতকাল বৃহস্পতিবার জড়ো হয়েছিলেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের দশম বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠান উদ্যাপন করেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক উদ্বোধনী বক্তব্যে বলেন, জাতির উন্নয়নের জন্য সব ক্ষেত্রে নারীর সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।বিভাগের চেয়ারপারসন সোহেলী খাদিজা আজাদ বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ে একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করছে বিভাগটি।অনুষ্ঠানমালার প্রথম পর্বে বিভাগের অধ্যাপক নাজমা চৌধুরীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারপারসনের সভাপতিত্বে ‘পর্দা, রাজনীতি ও আজকের রোকেয়া’ শীর্ষক রোকেয়া স্মারক বক্তব্য দেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আমেনা মোহসীন। এর ওপর আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব প্রমুখ। বিকেলের অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদউদ্দিন আহমেদ ও কলা অনুষদের ডিন সদরুল আমিন বক্তব্য দেন।