উগ্রবাদীদের বিষবৃক্ষ বড় করেছে বিএনপি: কাদের
ক্ষমতায় টিকে থাকতে আর দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে বিএনপি ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, উগ্রবাদীদের লালন-পালন করে সে বিষবৃক্ষকে বড় করেছে বিএনপি।
আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং দেশের প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আশকারা, প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছে।
গণতন্ত্রহীনতায় নাকি উগ্রবাদের উত্থান ঘটছে; বিএনপি মহাসচিবের এই অভিযোগ প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একদিকে মুক্তিযুদ্ধবিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে, আবার তারা গণতন্ত্রের কথা বলে। এ দেশে উগ্রবাদের উত্থান ঘটেছে বিএনপির হাত ধরেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, তাদের আমলে নাকি দেশে গণতন্ত্র ছিল। তাহলে বিএনপির আমলে উগ্রবাদ কীভাবে সৃষ্টি হলো?’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী মনোনয়ন প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। জেনেশুনে, যাচাইবাছাই করে মনোনয়ন দিতে হবে। যারা আগে বিদ্রোহ করেছে, দলের সিদ্ধান্ত অমান্য করছে, তাদের নাম কেন্দ্রে না পাঠানোর অনুরোধ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, পেছন থেকে এমপি, মন্ত্রী, জেলা ও কেন্দ্রীয় কোনো নেতা যদি বিদ্রোহী প্রার্থীদের মদদ দিয়ে থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধেও দল কঠিন সিদ্ধান্ত নেবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের কারণে বদলে গেছে জীবনপ্রবাহ, জীবনের চলমান ধারা। করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ, কোথাও কোথাও তৃতীয় ঢেউ আঘাত হানছে। বাংলাদেশে সম্প্রতি সংক্রমণ এবং মৃত্যুর হারের ধারা আবার ঊর্ধ্বমুখী হতে চলেছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।
ধানমন্ডিতে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা প্রমুখ।