বাংলাদেশকে উচ্চ আয়ের দেশ হিসেবে গড়ে তোলার জন্য দরকার নতুন রাজনৈতিক নেতৃত্ব। গতকাল শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। ‘আমাদের নেতা ও নেতৃত্ব’ নামের একটি সামাজিক সংগঠন প্ল্যানার্স টাওয়ারে ‘উচ্চ আয়ের বাংলাদেশ: প্রয়োজন নিজেদের উপযোগী শাসনব্যবস্থা ও নেতৃত্ব’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক বলেন, দেশের অর্থনীতিকে কীভাবে ভালো করা যায় বা কীভাবে আয় বাড়ানো যায়, তা নিয়ে দুই নেত্রীর ভাবার সময় এসেছে। কারণ, তরুণ প্রজন্ম উন্নত চিন্তাভাবনা করছে। তাঁদের এ চিন্তাভাবনা দুই নেত্রীর জন্য হুমকিস্বরূপ। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দেশের নেতৃত্বে যে দূরদর্শিতার দরকার ছিল, সেটা নেই বলেই বাংলাদেশ এখন পর্যন্ত মধ্য আয়ের দেশে উন্নীত হতে পারেনি। দেশের গণতন্ত্র এখন অনিশ্চয়তার পথে। বিরোধী দল থেকে যে দলই ক্ষমতায় যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের ভোল পাল্টে যাচ্ছে। সরকারি দলের লোকেরা এখন নব্য জমিদার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে ঠিকাদারি দরপত্র, সবই তারা নিয়ন্ত্রণ করে। সৈয়দ আবুল মকসুদ বলেন, সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হয়নি। এর কারণ, যোগ্য নেতৃত্বের সংকট। বর্তমানে দেশ যেভাবে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, তাতে বিশ্বের সেরা ১০ জন যোগ্য নেতাকে এনে শাসনের দায়িত্ব দিলেও ফল হবে বলে মনে হয় না। উচ্চ আয়ের দেশ গড়ার জন্য তরুণ নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নের জন্য অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির উন্নতি প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মত দেন অধ্যাপক পিয়াস করিম। তিনি বলেন, এ লক্ষ্য পূরণের প্রধান দুটি শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনীতির গুণগত রূপান্তর। কিন্তু বিদ্যমান দ্বিদলীয় রাজনীতির মাধ্যমে এ দুটি শর্ত অর্জন সম্ভব নয়। এ জন্য চাই নতুন শক্তির উত্থান। সচেতন মানুষের চিন্তা ও প্রয়াসকে এ লক্ষ্যে নিবেদন করতে হবে।অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র নেই। আছে গণতন্ত্রের নামে প্রহসন। দুর্নীতি যেভাবে সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছে, যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, তাতে বর্তমান সরকারকে গণতান্ত্রিক সরকার বলা যায় না। আওয়ামী লীগের নেতা সুলতান মোহাম্মদ মনসুর বলেন, ‘প্রথম শক্তি বা দ্বিতীয় শক্তি বুঝি না। আমি বুঝি জনগণের শক্তি। কিন্তু জনগণের শক্তি মূল নেতৃত্বে সব জায়গায় অনুপস্থিত। সবকিছুতেই দলীয়করণ হচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না। জনগণের শক্তিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। সে জন্য নতুন নেতৃত্ব তৈরি করতে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে।’ সেমিনারে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক, সাবেক সাংসদ এম এ গোফরান প্রমুখ।