উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে অ্যাক্রিডিটেশন কাউন্সিলর হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রিডিটেশন কাউন্সিলর গঠনের প্রক্রিয়া চলছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ।রাজধানীর নায়েম ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ১৭তম ওয়ার্ল্ড ফেডারেশন অব টিচার্স ইউনিয়ন কনফারেন্সের (ডব্লিউএফটিইউ) সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, উচ্চশিক্ষার প্রসারে দেশের প্রতিটি জেলা সদরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তা ছাড়া ২০১৩ সালের মধ্যে শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।আবদুল হামিদ বলেন, উচ্চশিক্ষায় গবেষণাকর্মকে উৎসাহিত করতে জাতীয় বাজেটে বেশি বরাদ্দ রাখা হয়েছে। সর্বস্তরের জনগণের মতামত ও সুপারিশের ভিত্তিতে ইতিমধ্যে শিক্ষানীতি তৈরি করা হয়েছে। মানসম্মত শিক্ষার জন্য এ নীতিতে র‌্যাংকিং পদ্ধতি প্রণয়ন এবং গ্রেডিং পদ্ধতি চালু করা হয়েছে; যেন বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করা যায়।সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক—সব ক্ষেত্রেই নারীদের সাফল্যজনক অবস্থানের কথা উল্লেখ করে স্পিকার বলেন, প্রত্যেকটি পুরুষের সফলতার পেছনে নারীর যেমন অবদান রয়েছে, তেমনই নারীর সফলতার পেছনে পুরুষেরও অবদান রয়েছে। তিনি ভবিষ্যতে এ অবস্থাকে আরও সুদৃঢ় করতে নিজেদের তৈরি করার আহ্বান জানান।আবদুল হামিদ বলেন, একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার বিকল্প নেই এবং শিক্ষকেরা জাতির মেরুদণ্ড। তিনি সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে শিক্ষকদের গণমুখী ও সর্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে নায়েমের মহাপরিচালক শামসুর রহমান, অধ্যাপক মাহফুজা খানম, ডি বিজয় কুমার, ডি কে তিওয়ারী, রণজিৎ কুমার সাহা ও এম এ বারী বক্তব্য দেন।