জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় ৩৫০ জন যৌনকর্মী হাত উঁচিয়ে বলতে থাকেন, নির্যাতন-হয়রানি বন্ধ করুন, মানুষের মতো বাঁচার অধিকার চাই। যৌনপল্লি থেকে যৌনকর্মীদের উচ্ছেদ করা যাবে না।গতকাল শনিবার যৌনকর্মী অধিকার দিবস উপলক্ষে সেক্সওয়ার্কার্স নেটওয়ার্ক আয়োজিত শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা যৌনকর্মীরা এসব দাবি তুলে ধরেন। তাঁরা মানবাধিকার রক্ষায় রাষ্ট্রকে যথাযথ দায়িত্ব পালনেরও আহ্বান জানান।গতকাল সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। দোয়েল চত্বর, হাইকোর্ট হয়ে তা প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। মানুষের জন্য ফাউন্ডেশন, পায়াকট বাংলাদেশ ও হাসাবের সহায়তায় শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। পায়াকট বাংলাদেশের সহায়তায় শোভাযাত্রায় একটি বাউলদল গান গেয়ে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে।প্রেসক্লাবের সামনে যৌনকর্মীরা বলেন, বাংলাদেশে যৌনকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, আবার নিষিদ্ধও করা হয়নি। তবে রাষ্ট্র ও সমাজব্যবস্থা এটাকে নেতিবাচকভাবে দেখে। ফলে যৌনকর্মীরা হয়রানির পাশাপাশি শিকার হন বিভিন্ন নির্যাতনের। যৌনকর্মীদের প্রতি নির্যাতনমূলক আইনের সংশোধনী ও আইনের অপপ্রয়োগ রহিত করার আহ্বান জানান তাঁরা। তাঁরা বলেন, যৌনপল্লি থেকে তাঁদের উচ্ছেদ বন্ধ করতে হবে। দূর করতে হবে এ ক্ষেত্রে আইনের অস্পষ্টতা।শোভাযাত্রায় নারী যৌনকর্মী ও হিজড়া জনগোষ্ঠী এবং যৌনকর্মী মায়েদের সঙ্গে তাঁদের শিশুসন্তানেরাও উপস্থিত ছিল। সেক্সওয়ার্কার্স নেটওয়ার্কের সভানেত্রী জয়া শিকদার প্রথম আলোকে বলেন, ভবঘুরে আইনের আওতায় পুনর্বাসনের নামে যৌনকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। পেশার মর্যাদা না থাকলেও মানুষ হিসেবে তো যৌনকর্মীরা অধিকার পেতে পারেন। রাষ্ট্র শিশুদের জন্য বিভিন্ন সুরক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে, শুধু যৌনকর্মীর শিশুরা এ থেকে বাদ পড়ে। তাই শোভাযাত্রায় মায়ের সঙ্গে শিশুসন্তানকেও সঙ্গে আনতে হয়েছে। কেননা, এই সন্তানদের রাস্তা ছাড়া থাকার আর কোনো জায়গা নেই।