রেলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গিয়ে উচ্ছেদকারীদের সঙ্গে বস্তিবাসীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুর রেল কলোনিতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দুজন বস্তিবাসী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। বস্তিবাসীরা বলছে, পুলিশের গুলিতে ওই দুজন আহত হয়েছে। তবে পুলিশ ও রেল পুলিশ (জিআরপি) জানিয়েছে, তারা কেউ গুলি চালায়নি। ওই বস্তিটি সন্ত্রাসের আখড়া। অবৈধ দখলদারদের কেউ গুলি চালাতে পারে। রেলওয়ে পুলিশ চারজনকে আটক করেছে।রেল কর্মকর্তারা জানান, রেলের জমি থেকে দখলদারদের বিতাড়িত করতে গতকাল থেকেই অভিযান শুরু হয়েছে। অভিযান চলবে ধারাবাহিকভাবে।রেল পুলিশ ও বস্তিবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন কর্মকর্তা রেল পুলিশ, রেল নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও একদল শ্রমিক নিয়ে রেল কলোনিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে যান। তাঁরা বস্তিতে ঢোকার পর বস্তিবাসী তাঁদের বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বস্তির লোকজন ঢিল ছুড়তে শুরু করলে উচ্ছেদকারীরাও লাঠিপেটা করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। এ কারণে উচ্ছেদ অভিযান শেষ না করেই ফিরে আসেন রেলের কর্মকর্তারা।রেলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আহমাদুল হক প্রথম আলোকে বলেন, শাহজাহানপুরে কয়েক শ একর জমির ওপর রেলের কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য আবাসিক এলাকা (কলোনি) রয়েছে। এই রেল কলোনির ভেতরেই অবৈধভাবে বেড়া বা টিনের ঘর বানিয়ে দখল করে রেখেছে দখলদারেরা। একাধিকবার সেখানে উচ্ছেদ চালানো হয়েছে। কিন্তু উচ্ছেদের কয়েক দিন পরই তারা আবার এসে আস্তানা গেড়েছে। রেলের জমি থেকে দখলদারদের সমূলে উৎপাটন করার লক্ষ্য নিয়ে গতকালই অভিযান শুরু হয়েছে।আহমাদুল হক বলেন, গত ১৫ দিন থেকে বস্তিবাসীদের নিজেদের বাসাবাড়ি সরিয়ে নিতে বলা হচ্ছে। সাত দিন আগে থেকে মাইকিং করা হচ্ছে। বুধবারও দিনভর সেখানে মাইকিং করা হয়। এরপরই কর্মকর্তারা গতকাল সকালে উচ্ছেদের জন্য সেখানে যান। কিন্তু সেখানে ঢোকার কিছুক্ষণ পরই বস্তিবাসী বৃষ্টির মতো ঢিল ছোড়া শুরু করে। বস্তিবাসীর বাধার কারণে মাত্র ৫০টির মতো ঘর উচ্ছেদ করে ফিরে আসতে হয়। সেখানে প্রায় ২০০ ঘর রয়েছে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাঁচজন সদস্য আহত হয়েছেন।স্থানীয় যুবলীগ নেতা গাজী মজহারুল হক বলেন, মাত্র কয়েক ঘণ্টার নোটিশে রেল কর্মকর্তারা এখানে ঢুকে তাণ্ডব চালান। তাঁরা গুলি ছুড়তে ছুড়তে বস্তির ভেতরে ঢুকেছেন। লোকজনকে গণহারে মারধর করেছেন। তাঁদের সঙ্গে থাকা শ্রমিকেরা শাবল, হাতুড়ি নিয়ে ঘরবাড়িগুলো ভেঙেছেন আর লুটপাট করেছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ মো. শহীদ (২৫) ও তারা বানু (৫০) বলেন, তাঁরা একটি দোকানে ছিলেন। এ সময়ই তাঁরা পুলিশের গুলিতে আহত হন। বস্তির একাধিক বাসিন্দা বলেন, তাঁরা বস্তির ভেতর থেকেও গুলির শব্দ শুনেছেন।রেল কর্মকর্তা আহমাদুল হক বলেন, তাঁর সঙ্গে থাকা পুলিশ কোনো গুলি চালায়নি। মতিঝিল থানার পুলিশ ও রেল পুলিশও গুলি চালানোর কথা অস্বীকার করেছে।