পুরান ঢাকার নয়াবাজারের ফ্রেঞ্চ রোডে একটি অবৈধ ভবন উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় মো. ইসরাফিল নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব এ আদালত পরিচালনা করেন।
ডিএসসিসি সূত্র জানায়, ফ্রেঞ্চ রোডে ডিএসসিসির এক কাঠা পরিমাণ জমিতে সম্প্রতি তিনতলাবিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করেন ইসরাফিল। এই খবর পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে বাড়িটি উচ্ছেদে অভিযান চালায় ডিএসসিসি। এ সময় উচ্ছেদ অভিযানে বাধা দেন ইসরাফিল। বাগ্বিতণ্ডায় জড়ান ডিএসসিসির কর্মীদের সঙ্গে। পরে তাঁকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, ওই ভবনের জমির মালিক ডিএসসিসি। কোনো ধরনের অনুমতি ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়েছিল৷ উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় ইসরাফিলকে ওই কারাদণ্ড দেওয়া হয়। বুলডোজার দিয়ে গতকালই ভবনটি ভেঙে ফেলেন ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মীরা।