উচ্ছেদের কয়েক ঘণ্টা পরই আবার দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ স্থাপনা উচ্ছেদের কয়েক ঘণ্টা পরই আবার দখল হয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাথ। গতকাল বুধবার দুপুরে ঢাকা সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত এবং যাত্রাবাড়ী এলাকার একটি মাঠের অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালান।গতকাল দুপুর একটার দিকে ভ্রাম্যমাণ আদালত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের উত্তর পাশের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালান। রাস্তার উভয় পাশে প্রায় শতাধিক টং দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ফুটপাতের ভাসমান দোকানিরা তাঁদের মালামাল দ্রুত সরিয়ে নেন।অভিযানের পর গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়ে দেখা যায়, আবারও আগের মতো ফুটপাতের ওপর দোকানপাট তৈরি শুরু হয়ে গেছে।উচ্ছেদের কয়েক ঘণ্টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফুটপাথ আবার দখল হয়ে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ প্রথম আলোকে বলেন, উচ্ছেদের পর সেখানে নতুন কোনো স্থাপনা বা দোকানপাট তৈরি হয়েছে কি না, তা তদারকির দায়িত্ব পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের। তিনি জানান, ফুটপাত দখল হলে সেখানে আবারও অভিযান চালানো হবে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, জরুরি বিভাগের সামনের রাস্তায় ফুটপাত দখল করে অবৈধভাবে একটি সংবাদপত্র বিক্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। শহীদ মিনার গেটের পাশে একটি দোকান আছে। এগুলো উচ্ছেদের জন্য হাসপাতালের পক্ষ থেকে ঢাকা সিটি করপোরেশনকে দুই থেকে তিন দফা লিখিত অভিযোগ এবং মৌখিকভাবে কয়েকবার বলা হয়েছে। কিন্তু গতকাল ফুটপাথের ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হলেও যে অবৈধ স্থাপনাগুলোর ব্যাপারে অভিযোগ করা হয়েছিল, তা উচ্ছেদ করা হয়নি।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের দুটি দোকান সিটি করপোরেশনের পক্ষ থেকে অস্থায়ী বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বরাদ্দ কমিটির সভাপতি। তবে দোকানগুলো বরাদ্দ দেওয়ার আগে হাসপাতাল কর্তৃপক্ষের অনাপত্তি নেওয়া হয়নি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফুটপাথ দখলমুক্ত করার আগে সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শহীদ ফারুক সড়কে ঢাকা সিটি করপোরেশনের একটি খেলার মাঠ অবৈধ দখলমুক্ত করেন। সেখানে প্রায় ২০-২৫টি দোকান নির্মাণ করা হয়েছিল।আদালত সূত্র জানায়, যাত্রাবাড়ী এলাকার এই মাঠ দীর্ঘদিন বেদখলে ছিল। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সেখানে দোকানপাট নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। গতকাল দোকান উচ্ছেদ করে মাঠটি দখলমুক্ত করা হয়। অভিযানে সিটি করপোরেশনের কর্মীদের সহায়তা করে মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।