উচ্ছেদের পরই ফের দখল কারওয়ান বাজার-মহাখালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ দোকানপাট উচ্ছেদের পর গতকাল কারওয়ান বাজার এলাকার দৃশ্য। তবে এ দৃশ্য রাতেই পাল্টে যায়। ছবিটি বিকেলে তোলা l প্রথম আলো
অবৈধ দোকানপাট উচ্ছেদের পর গতকাল কারওয়ান বাজার এলাকার দৃশ্য। তবে এ দৃশ্য রাতেই পাল্টে যায়। ছবিটি বিকেলে তোলা l প্রথম আলো

কারওয়ান বাজার ও মহাখালী বাস টার্মিনাল এলাকার সড়কগুলো অবৈধ দখলমুক্ত করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ এলাকার যানজট কমাতে এ পদক্ষেপ নেয় ডিএনসিসি। কিন্তু গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারে উচ্ছেদের কয়েক ঘণ্টা পরই দোকানদারেরা আবার সড়কে বসে যান।
গতকাল দুপুরে ডিএনসিসির অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমানের নেতৃত্বে কারওয়ান বাজার এলাকার প্রধান সড়ক ও এর আশপাশের অলিগলির অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।
অজিয়র রহমান প্রথম আলোকে বলেন, যত দিন প্রয়োজন তত দিন এ অভিযান অব্যাহত থাকবে। কারওয়ান বাজার এলাকার যানজট কমাতে বাজারের প্রধান সড়কটি দখলমুক্ত করা হয়েছে। তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না।
বিকেলে কারওয়ান বাজার এলাকা ঘুরে সড়কগুলোতে ভাসমান দোকান ও হকার দেখতে পাওয়া যায়নি। সড়কে যানজট অনেক কমে যায়। তবে সন্ধ্যা ঘনাতেই কারওয়ান বাজার এলাকার অনেক হকারই ফেরত আসেন।
সন্ধ্যায় কারওয়ান বাজার ২ নম্বর সিটি করপোরেশন মার্কেটের সামনে মোবাইলের হেডফোন, গলার চেইনসহ নানা মনিহারি সামগ্রী বিক্রি করছিলেন আকতার হোসেন। তিনি বললেন, ‘আগেই শুনছিলাম দোকান ভাঙব। তাই সরায় রাখছিলাম। একটু আগেই আবার বসাইছি।’
তবে সন্ধ্যায় সড়কের পাশে অনেক চৌকি পড়ে থাকতে দেখা যায়। সড়কের জায়গা দখল করে এগুলোতেই নানা জিনিসের পসরা সাজিয়ে বসতেন দোকানদারেরা। দখলমুক্ত সড়কে যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। কিন্তু কত দিন দখলমুক্ত থাকবে, তা নিয়ে তাঁরা শঙ্কা প্রকাশ করেন।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, সিটি করপোরেশনের সঙ্গে হকারদের এই ইঁদুর-বিড়াল খেলা তো সারাক্ষণ চলে। একদিকে উঠায়, অন্যদিকে বসে। স্থায়ীভাবে উচ্ছেদের জন্য কিছু তো করে না।
এর আগে গত ১০ অক্টোবর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক কারওয়ান বাজারের সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ১০ দিন সময় বেঁধে দিয়েছিলেন। কারওয়ান বাজার স্থানান্তরের বিষয়ে বাজার কমিটির নেতা, স্থানীয় কাউন্সিলর ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এ সময় বেঁধে দিয়েছিলেন।
ওই সভায় কারওয়ান বাজার মার্কেট সমিতির নেতারা এবং ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান ১৭ নভেম্বরের মধ্যে কারওয়ান বাজারের ফুটপাত ও মার্কেটের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সড়ক যান চলাচল উপযোগী করার প্রতিশ্রুতি দেন।
এদিকে গত সোমবার মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক থেকেও সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ডিএনসিসি। টার্মিনালের সামনের সড়কে যানজটের অন্যতম কারণ ছিল অবৈধভাবে করা বাস-গাড়ি পার্কিং। সেসব অবৈধ পার্কিং সরিয়ে দিয়েছে ডিএনসিসি।
তেজগাঁও সাতরাস্তা থেকে তেজগাঁও রেললাইন পর্যন্ত যানজট কমাতে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড অবৈধ দখলমুক্ত ও সড়ক থেকে ট্রাক সরাতে ট্রাক-কাভার্ড ভ্যান মালিকদের ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন মেয়র আনিসুল হক।
তেজগাঁও এলাকার ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০ নভেম্বরের মধ্যে তাঁরা নিজেরাই ট্রাকস্ট্যান্ডের অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং সড়কে থাকা ট্রাক সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন।