উচ্ছেদের ২০ মিনিটের মধ্যে আবার দখল!
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্দেশে গতকাল সোমবার বসুন্ধরা সিটির সামনে এবং পেছনের পূর্ণিমা সিনেমা হল-সংলগ্ন সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে উচ্ছেদের ২০ মিনিটের মধ্যেই এসব দোকানি আবার একই স্থানে বসে পড়েন।
সিটি করপোরেশন সূত্র জানায়, দুপুর ১২টার দিকে বসুন্ধরা সিটির সামনে এবং পেছনের এলাকায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিওর রহমানের নির্দেশে পরিচ্ছন্ন পরিদর্শক এম এ আহসানের তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সিটি করপোরেশন ফুটপাতে রাখা মালিকানাহীন কিছু মালামাল জব্দ করে। ওই সময় দোকানিরা তাঁদের ফুটপাতে রাখা মালামাল আশপাশের দোকানের ভেতর ঢুকিয়ে ফেলেন।
অভিযান পরিচালনাকারী এম এ আহসান প্রথম আলোকে বলেন, এর আগে অবৈধ দখলদারদের মৌখিকভাবে সতর্ক করা হয়। আজ (গতকাল) যে অভিযান পরিচালনা করা হয়েছে, এটা একটা সতর্ক বার্তা। পরে দোকানিরা যদি আবার ফুটপাতে বসে পড়েন, তাহলে তাঁদের জেল-জরিমানা করা হবে। তিনি বলেন, মেয়র নির্দেশ দিয়েছেন ফুটপাত দখল করে কেউ এক ইঞ্চি জায়গাও ব্যবহার করতে পারবেন না। যদি কেউ আদেশ অমান্য করেন, তাহলে দোকান সাত-আট মাসের জন্য সিলগালা করে দেওয়া হবে। ইতিমধ্যে বনানীতে অনেক দোকান এভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
উচ্ছেদের একটু পরই ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়, ফুটপাত দখল করে আবার ব্যবসা শুরু করেছেন দোকানিরা। দখলের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদের একজন বলেন, তাঁর ভাষায়, ‘এইটা আমাদের জীবনের একটা অংশ। পেটের দায়ে করতেছি। এইটা করা ছাড়া আমাদের কোনো উপায় নাই।’