উজামপুরে গরু পালনে স্বাবলম্বী অনেকে
উত্তরখান ইউনিয়নের উজামপুর গ্রাম। ইউনিয়নটির ৬ নম্বর ওয়ার্ডভুক্ত এই গ্রামের দুই শতাধিক পরিবারের প্রায় প্রতিটি বাড়িতেই আছে গরুর খামার। কেউ পালন করেন গাভি আবার কেউবা ষাঁড়। এতে তাঁদের বছরের অর্ধেক সময়ের বেকারত্ব ঘুচেছে। কেটেছে অভাব-অনটন।
উজামপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তুরাগ নদবেষ্টিত এই গ্রামের বাসিন্দারা বছরে এক মৌসুম ধান চাষের সুযোগ পান। এর আগে কিছু সময় করেন সবজির চাষ। বাকি সময়টায় তাঁদের অধিকাংশ জমিজমা চলে যায় পানির নিচে। তখন বেকার ঘরে বসে থাকতে হতো গ্রামবাসীদের। সরেজমিনে দেখা যায়, উজামপুর গ্রামে পরিবার আছে ২৫০টির মতো। এর মধ্যে প্রায় ১৫০টি বাড়িতে চলছে গরু পালন। একেকটি পরিবারে ২টি থেকে ১০টি করে গরু আছে। কেউ পালন করেন গাভি আবার কারও বাড়িতে ষাঁড়। তবে গাভির সংখ্যাই বেশি। গৃহিণীরাই বেশির ভাগ সময় গরুর যত্ন নেন। পুরুষেরা করেন মাঠ থেকে ঘাস সংগ্রহের কাজ।
গরু পালন করে নিজের এবং পরিবারের ভাগ্য বদলে ফেলা ব্যক্তিদের একজন হিরণ মিয়া। দুই মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলেকে পাঠিয়েছেন মালয়েশিয়ায়। তিনি দুটি গাভি পালন করেন। দৈনিক দুধ পান ২০-২৫ কেজি। সব খরচ বাদে তাঁর মাসিক আয় থাকে ১০-১৫ হাজার টাকা। তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘বর্ষা মৌসুমে কাজ করার কিছু থাকে না। আগে বেকার বসে থাকতে হতো। উপার্জনের কোনো উপায় ছিল না। তাই গরু পালন শুরু করি।’
তবে বছর দশেক আগেও গ্রামের অবস্থা এমন ছিল না বলে জানালেন গ্রামবাসী। বর্ষা মৌসুমে কাজ থাকত না তাঁদের। নদে মাছ শিকার করাই ছিল একমাত্র আয়ের উৎস। কিন্তু নদে ইদানীং মাছও তেমন পাওয়া যায় না। ফলে দুই বেলা দুমুঠো খাবার জোটানোই কঠিন হতো। কাজের সন্ধানে অনেকে ওই সময় চলে আসতেন শহরে।
নদে মাছ শিকারের বিষয়টি নিয়ে কথা হলে গ্রামটির বাসিন্দা মো. মহসীন বলেন, ‘পানির অবস্থা কী হইসে দেখসেন? এই নদীতে মাছ ধরার কথা স্বপ্নেও ভাবি না। পানির গন্ধে আমরা ডাঙায় টিকতে পারি না, আর এই পানিতে মাছ থাকব কেমনে?’