উত্তর কালশীতে হাজার দশেক মানুষ অবরুদ্ধ!
মিরপুরের উত্তর কালশীতে হাজার দশেক মানুষ প্রায় অবরুদ্ধ জীবন যাপন করছে। যাতায়াতের জন্য নেই কোনো নিজস্ব রাস্তা। যে পথ তারা ব্যবহার করছে, যেকোনো দিন তা বন্ধ হতে পারে। স্থানীয় সাংসদ এ সমস্যার কোনো সমাধান করতে পারছেন না।এলাকায় গিয়ে দেখা যায়, মিরপুর ১২ নম্বর সেক্টরের উত্তর কালশী ‘প’ ব্লক এলাকাটির তিন দিক ঘিরে রয়েছে মিরপুর সিরামিক কারখানা ও মিরপুর সেনানিবাসের সীমানাপ্রাচীর। বাকি এক পাশে জলাশয় ও নিচু ভূমি। সেদিকেও গড়ে উঠছে বেসরকারি আবাসন প্রকল্প। এলাকায় ঢোকা বা এলাকা থেকে বের হওয়ার রাস্তা নেই। সিরামিক কারখানার ভেতর দিয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে একটি রাস্তা স্থানীয় লোকজন ব্যবহার করছে। সেনানিবাসের ডিওএইচএসের ভাঙা দেয়াল টপকেও অনেকে যাতায়াত করে। তিন বছর ধরে এভাবেই চলছে নিম্ন-মধ্যবিত্ত প্রায় ১০ হাজার মানুষের জীবনযাপন।স্থানীয় সাংসদ ইলিয়াস আলী মোল্লা জানান, এলাকার কোনো নিজস্ব রাস্তা নেই। এ প্রসঙ্গে প্রথম আলোকে তিনি বলেন, উত্তর কালশী ‘প’ ব্লকে যারা থাকে, তাদের রাতের বেলায় সমস্যা বেশি হয়। সাংসদ বলেন, ‘বিষয়টি এ সরকারের আমলের শুরুর দিকে জাতীয় সংসদে উপস্থাপন করেছিলাম। এরপর এলজিআরডি সরেজমিন পরিদর্শন করে। রাস্তার জায়গা মাপজোকও করে। কিন্তু সব স্থবির হয়ে আছে।’ তিনি দ্রুত একটি রাস্তা নির্মাণের দাবি জানান।এলাকায় ২০ বছর ধরে বাস করছেন স্থানীয় ব্যবসায়ী খোকন। তিনি বলেন, আগে তাঁরা ডিওএইচএস মাঠ হয়ে যাতায়াত করতেন। তিন বছর হলো রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। ওই রাস্তার মাথায় সীমানাপ্রাচীর কিছুটা ভাঙা। সেখানে মাটি উঁচু করে দেয়াল টপকে অবৈধভাবে আসা-যাওয়া করে স্থানীয় লোকজন। স্থানীয় লোকজনের আশঙ্কা, আবাসন প্রকল্পের কাজ শেষ হলে রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তাদের একমাত্র ভরসা সিরামিক কারখানার ভেতরের রাস্তা। স্থানীয় বাসিন্দারা বলেন, সিরামিক কর্তৃপক্ষের দয়ায় কারখানার ভেতর দিয়ে তাঁরা যাওয়া-আসা করেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত তাঁরা রাস্তাটি ব্যবহার করতে পারেন। তারপর বন্ধ হয়ে যায়। প্রতিদিন সকাল ছয়টা থেকে ১০টা ও বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত রিকশা ও ছোট যান ঢুকতে দেওয়া হয়। এর বাইরে কখনো গাড়ি নিয়ে যেতে হলে অনুমতি নিতে হয়। এ ছাড়া কখনো ঝামেলা হলে রাস্তা বন্ধ হয়ে যায়।স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, রাতে কেউ গুরুতর অসুস্থ হলে বেশি সমস্যা হয়। অনেক অনুরোধ করার পর অ্যাম্বুলেন্স বা গাড়ি আনার অনুমতি মেলে। এতে অনেক সময় লাগে। ওই এলাকা ঘুরে দেখা যায়, সেখানে ৬০-৭০টি পাকা-আধাপাকা ঘর আছে। আছে কয়েকটি বস্তি। স্থানীয় লোকজনের বেশির ভাগই মিরপুর সিরামিক ও স্থানীয় পোশাকশিল্পে কাজ করেন। অনেকে বলেছেন, আস্তে আস্তে বসতি কমছে।স্থানীয় রাজনৈতিক নেতাদের অনেকেই দীর্ঘদিন ধরে রাস্তা করে দেওয়ার আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু বাস্তবে কোনো উদ্যোগ এলাকাবাসীর চোখে পড়ে না। বরং আশপাশে আবাসন প্রকল্প বাস্তবায়ন হতে দেখে তাঁরা সব রাস্তা বন্ধ হওয়ার আশঙ্কা করছেন।