
মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় উন্নয়ন ক্রমান্বয়ে দৃশ্যমান হচ্ছে বলে দাবি করেছেন ডিএনসিসির মেয়র আনিসুল হক।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর উপলক্ষে বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মেয়র। সভার শুরুতে তিনি গত দুই বছরে ডিএনসিসির নানা উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরেন। আনিসুল হক ২০১৫ সালের ৬ মে ডিএনসিসির মেয়র হিসেবে শপথ নেন।
আনিসুল হক বলেন, ‘ঢাকা শহরকে বাসোপযোগী করতে দুই বছর ধরে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে ঢাকার উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। নগরীর সবাই সহযোগিতা করলে বাকি সময়ে এক ভিন্ন ঢাকা দেখতে পারবেন। এক এক করে প্রতি মাসেই বদলে যাবে ঢাকা।’ তিনি বলেন, অনেকেই ঢাকাকে বসবাসের অনুপযোগী বলেন, কিন্তু এটা সঠিক নয়। ঢাকা একটি ভিন্ন ধরনের শহর। একসময় জীবনমানে নিচের দিক থেকে প্রথম সারিতে ছিল, এখন একটু উন্নতি হয়েছে।
মেয়র বলেন, গত দুই বছরে ৪৫০টির মতো বাড়ি, ২ হাজার ৭৬৭টি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ৩ লাখ ৩০ হাজার বর্গফুট সড়ক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার অবৈধ সাইবোর্ড-ব্যানার-ফেস্টুন সরানো হয়েছে। এসব সরানো ছিল চ্যালেঞ্জের বিষয়। কারণ এগুলো ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নামে। ব্যানার-ফেস্টুন লাগানোর দায়ে কয়েকজনের বিরুদ্ধে মামলাও হয়েছে। এখন শহরে আগের চেয়ে অনেক কম ব্যানার দেখা যায়।
মশক নিধনে এবার বাজেটে ২৫ কোটি টাকা রাখা হয়েছে উল্লেখ করে আনিসুল হক বলেন, মশা নিয়ন্ত্রণ সত্যিই একটি কঠিন কাজ। এরপরও মশক নিধনে সিটি করপোরেশন আরও তৎপরতা বাড়িয়ে দিয়েছে।
মতবিনিময় সভায় দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী মেয়রকে উদ্দেশ করে বলেন, ‘আগামী নির্বাচন ঘিরে নগরীতে যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় মেয়র হিসেবে আপনাকে প্রস্তুতি নিতে হবে।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, উত্তর সিটি করপোরেশন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন হলেও সংস্কৃতিগত তেমন উন্নয়ন হচ্ছে না। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সংস্কৃতি, নতুন প্রজন্মের মানসিক বিকাশের জন্য খেলার মাঠ, পাঠাগার, ব্যায়ামাগারসহ এ-সংক্রান্ত উন্নয়নের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। জবাবে মেয়র বলেন, রাজাবাজারে একটি পাঠাগার করা হয়েছে। মিরপুরের শাহ আলী এলাকায় আরেকটি পাঠাগার করা হবে।
ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সাতরাস্তা এলাকায় প্রধান সড়কের পাশের সড়কগুলো ট্রাকের দখলমুক্ত করার আহ্বান জানিয়ে কারওয়ান বাজার ঠিক সময়ে সরানো সম্ভব হবে কি না, জানতে চান।
কারওয়ান বাজার থেকে কাঁচাবাজার সরিয়ে নেওয়া হবে জানিয়ে মেয়র বলেন, কারওয়ান বাজার ৫০ বছরের পুরোনো বিষফোড়া। এটা সরিয়ে নিতে এক বছর ধরে আলোচনা চলছে। কারওয়ান বাজারের ৭০ শতাংশ এলাকা খালি হয়ে যাবে।
মতবিনিময় সভায় বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজসহ বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।