ঢাকা উত্তর সিটির গেটের চাপায় পরিচ্ছন্নতাকর্মীর সন্তানের মৃত্যু
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২ নম্বর অঞ্চলের কার্যালয়ের দেয়াল থেকে মূল গেট খুলে পড়ে গেটের চাপায় এক পরিচ্ছন্নতাকর্মীর সন্তান মারা গেছে। নিহত শিশুর নাম আরিফ (৭)। তাঁর বাবা মো. শহিদুল ইসলাম অঞ্চল-২–এর আওতাধীন ৩ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মী।
প্রত্যক্ষদর্শী ও করপোরেশনের একাধিক কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে ২ নম্বর অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের মূল গেট দেয়াল থেকে খুলে পড়ে। শিশুটি তখন গেটের কাছেই ছিল। তাই গেটটি তার গায়ের ওপরে পড়ে। তাৎক্ষণিক আশপাশের লোকজনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা আরিফকে মৃত ঘোষণা করেন।
শিশু আরিফের বাবা মো. শহিদুল ইসলাম রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আরিফ তাঁর মায়ের সঙ্গে সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসে গিয়েছিল। আরিফ গেটের সামনে খেলা করছিল। একপর্যায়ে হঠাৎ মূল গেটটি দেয়াল থেকে খুলে আরিফের গায়ের ওপর পরে। তখন গেটের সামনেই ফুটপাতে দাঁড়ানো ছিলেন স্ত্রী (আরিফের মা) নাসিমা বেগম। আর ঘটনার সময় তিনি নিজে বাসায় ছিলেন। তাদের বাসা মিরপুর হার্ট ফাউন্ডেশনের পেছনে মিরপুরের গোয়ালবাড়ি এলাকায়।
এ বিষয়ে কথা বলতে অঞ্চল-২–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন ধরেননি। সোহরাওয়ার্দী হাসপাতালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে যান পরিচ্ছন্নতা পরিদর্শক তুষার চন্দ্র দাস। তিনি রাত সাড়ে নয়টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, আরিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ কর্মকর্তা আরও বলেন, শুনেছি শিশুটি গেটে উঠে খেলা করছিল। এর একপর্যায়ে গেটটি খুলে পড়ে যায়।