উত্তরখানে মাদক বেশি দক্ষিণখানে নারী নির্যাতন
রাজধানীর অন্য থানাগুলোর মতো উত্তরখান থানায়ও আছে নারী-পুরুষের জন্য পৃথক দুটি হাজতজখানা। কিন্তু গত শনিবার সকালে দুটি হাজতখানাই ছিল ফাঁকা, একজন আসামিও নেই। থানার পুলিশ জানিয়েছে, অন্য এলাকার তুলনায় এই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও মামলা কম হয়। সে কারণে প্রায়ই ফাঁকা থাকে হাজতখানা। আর মাঝেমধ্যে যাঁদের আটক করা হয়, তাঁদের অধিকাংশই মাদক ব্যবসায়ী।
প্রায় একই অবস্থা পাশের দক্ষিণখান থানারও। উভয় থানাতেই মাদক-বাণিজ্য ছাড়া অন্যান্য অপরাধের হার কম। তবে দক্ষিণখানে প্রায়ই নারী নির্যাতনের অভিযোগ নিয়ে থানায় আসেন স্থানীয় ব্যক্তিরা।
দুই এলাকার বাসিন্দাদের কয়েকজন বলেন, উত্তরখান ও দক্ষিণখানে এখনো গ্রামীণ আবহ রয়েছে। বসবাসকারী ব্যক্তিদের অধিকাংশই পোশাক কারখানার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। কর্মজীবী এসব মানুষের মধ্যে অপরাধপ্রবণতা কম। তাই এখানে চুরি, ছিনতাই, রাহাজানি, খুন ও ধর্ষণের মতো অপরাধ অন্য এলাকার তুলনায় কম। সাম্প্রতিক সময়ে এই দুই এলাকার মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক ব্যবসা। প্রশাসনের তৎপরতার কারণে প্রকাশ্যে মাদক বিক্রি কম হলেও ধীরে ধীরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ছে।
উত্তরখান ইউনিয়ন পরিষদের (সম্প্রতি সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে এই ইউনিয়ন) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে মাদক ধীরে ধীরে প্রকট আকার ধারণ করছে। আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে মাদক নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছি।’
উত্তরখান থানার মামলার নথি বিশ্লেষণে মাহমুদুল হাসানের বক্তব্যের যথার্থতা পাওয়া গেছে। থানা সূত্রে জানা গেছে, চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত এই থানায় মোট মামলা হয়েছে ১০টি। এর মধ্যে আটটি মামলাই হয়েছে মাদক বিক্রির অভিযোগে। এই আট মামলার বাদী পুলিশ। এই মামলাগুলোর আসামিরা হলেন কাঁচকুড়া এলাকার মোশারফ হোসেন (২৮), হামিদা বেগম (৫২), মোছা. ফরিদা (৪০), বড়বাগের মুসলিম খাঁ ভাণ্ডারী (৬২), সাব্বির হোসেন (২৫), আলিম হোসেন (২০), শরীফপুরের মো. ইমন (১৯), জামালপুর সরিষাবাড়ীর আবদুস সাত্তার (৩৬) ও মাদারবাড়ীর এস এম আমজাদ হোসেন ওরফে চাক্কু সোহেল (৩৩)। এঁদের কাছ থেকে পুলিশ চোলাই মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে।
উত্তরখান থানার পরিদর্শক (অভিযান) আলমগীর হোসেন বলেন, মাদক ব্যবসায়ীদের অধিকাংশকেই গ্রেপ্তার করা হয়েছে। ছোটখাটো মাদক ব্যবসায়ী যাঁরা আছেন, তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, মাদকের বড় চালানসহ কেউ ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়, আর ছোট চালানসহ ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত তাঁদের সাজা দেওয়া হয়।
মাদক ব্যবসা সম্পর্কে দক্ষিণখান থানায় একই ধরনের তথ্য পাওয়া গেছে। তবে এই থানায় উত্তরখানের তুলনায় নারী নির্যাতনের হার বেশি। এই থানাতেও চলতি মাসের প্রথম ২০ দিনে ১০টি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে তিনটি মামলা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ও তিনটি মামলা নারী নির্যাতনের অভিযোগে হয়েছে। মাদকসংক্রান্ত মামলা তিনটির আসামিরা হলেন ভোলা জেলার শরীফ হোসেন (২০), নরসিংদীর সুমন মিয়া (২৮) ও নোয়াখালীর সীমা আক্তার (৩৫)।
এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) শেখ রোকোনুজ্জামান প্রথম আলোকে বলেন, গাড়িসংকট ও সড়কের বেহাল অবস্থার পরও এই এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিদিন নয়টি ভ্রাম্যমাণ দল কাজ করে। তাই এলাকায় চুরি, ছিনতাইয়ের মতো অপরাধ হয় না। তিনি বলেন, থানায় যেসব অভিযোগ আসে, তার অধিকাংশই নারী নির্যাতন ও জমিজমা-সংক্রান্ত।
নারী নির্যাতনের অভিযোগ বেশি আসার কারণ সম্পর্কে রোকোনুজ্জামান বলেন, ‘এই এলাকার অধিকাংশ মানুষই নিম্ন আয়ের। তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকে। মাদক সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, মাদক ব্যবসা একেবারে বন্ধ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
উত্তরখান, দক্ষিণখান ছাড়াও উত্তরা, তুরাগ ও টঙ্গী ব্রিজ এলাকায় মাদক ব্যবসা বন্ধে এই এলাকার মাদক ব্যবসায়ীদের একটি তালিকা তৈরি করেছে একটি সংস্থা। তালিকায় উত্তরা ১৪ নম্বর সেক্টরের টিপু সুলতান (২৪), ১৩ নম্বর সেক্টরের হায়দার (৩০), সাভার নবীনগরের ফারুক (৩০), দক্ষিণখান গাওয়াইর মধ্যপাড়ার রিন্টু খান (২৮) ও আবদুল্লাহপুর স্লুইসগেট-সংলগ্ন বস্তির লিপি বেগমের (২৫) নাম রয়েছে। এঁদের মধ্যে ফারুক সাভারে থাকলেও আবদুল্লাহপুর ও তুরাগ এলাকায় ফেনসিডিল ও ইয়াবা পাইকারি দরে বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। সংস্থাটির মতে, এই পাঁচজনকে গ্রেপ্তার করলেই উত্তরা এবং এর আশপাশের এলাকায় মাদক-বাণিজ্য কমে আসবে।