উত্তরবঙ্গের দিকের সমস্যা আমরা ওভারকাম করেছি

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরছবি: তানভীর আহম্মেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘উত্তরবঙ্গের দিকে সব সময় যে সমস্যা হয়, আমরা সেটা ওভারকাম করেছি। সেখানে নলকা ছিল দীর্ঘদিনের একটা সমস্যা। আমরা নলকা সেতু করে ফেলেছি। কাজেই সেখানে কোনো সংকট হবে বলে আমার মনে হয় না।’

আজ শুক্রবার সকালে ঈদযাত্রা উপলক্ষে রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল পরিদর্শনে এসে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আরও পড়ুন

মন্ত্রী আরও বলেন, ‘গাজীপুরের যে সমস্যা ছিল, আমার মনে হয়, এবার আর সেই সংকট হবে না। আমরা তিনটা উড়ালসড়ক খুলে দিয়েছি গাজীপুরে। সেখানে এখন নিয়মিত গাড়ি চলছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সড়ক ভালো আছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘একটু ভিড় দেখলেই অনেকে অনেক সময় রং রোডে (ভুল দিকে) চলে যায়। রং রোডে দু-চারটা গাড়ি গেলে এরপর পুরো এলাকা অনেকক্ষণ ধরে যানজটে থাকে। এবার বিষয়টাকে আমরা ভালোভাবে দেখছি।’

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন। এবার কোনো রাস্তায় যেন কোনো অবস্থায় দুর্ভোগ না হয়, সে ব্যাপারে তিনি খেয়াল রাখছেন।

গাবতলী কাউন্টারে বেশ কয়েকটি বাসের ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে। এর মধ্যে সেলফি পরিবহন ১৫০ টাকার ভাড়া ৩০০ টাকা করে নিচ্ছে। বাস কাউন্টার থেকে বলা হচ্ছে, সার্জেন্টকে তাদের গাড়িপ্রতি এক হাজার টাকা ঘুষ দিতে হয়। এ নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দু-একটা ঘটনা হয়তো ঘটছে। আমাদের লোক সার্বক্ষণিক দায়িত্বে আছে। এ রকম কিছু হলে আমরা অবশ্যই দেখব।’

কাউন্টারে অপেক্ষা করছেন যাত্রীরা
ছবি: তানভীর আহম্মেদ

বিএনপির প্রধানমন্ত্রী হবে কে?

আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ছে বিএনপি। তারা জাতীয় সরকারের ধারণার অবতারণা করছে। এ নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জাতীয় ঐক্যের দাবি করে কেমন করে? তাদের নেতা কে? এখন কে নেতা? কে আন্দোলন করে? প্রধানমন্ত্রী হবে কে?

কাউন্টারে যাত্রীরা
ছবি: তানভীর আহম্মেদ

ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রতিদিন একই কথা বলে। ও যে পথ হারানো পথিক। দিশেহারা পথিক। পথ হারালে যা হয়, বিএনপিরও তা–ই হয়েছে। তাই তারা কখন যে কী বলবে, সেটা বলা খুব মুশকিল। তারা আসলে কী চায়, তাদের জাতীয় ঐক্যের চেহারা গত নির্বাচনে দেখেছি। ঐক্য করল, সংলাপে আসল নির্বাচনে আসবে। তারপর নির্বাচনের সময় কী অবস্থায় গেছে সেই ঐক্য, লেজেগোবরে অবস্থা। লেজেগোবরে অবস্থা যে ঐক্যের, তারা আবার জাতীয় ঐক্য দাবি করে কেমন করে! তাদের নেতা কে? এখন কে নেতা? কে আন্দোলন করে? প্রধানমন্ত্রী হবে কে? জিজ্ঞেস করেন।

এবার ঈদের পরে বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছে, এমন আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১৩ বছর ধরে প্রতিটি ঈদে বিএনপি ঘোষণা দিয়েছে, ঈদের পর আন্দোলন। দেখতে দেখতে ১৩ বছর, আন্দোলন হবে কোন বছর?